মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমাদের সঙ্গে যে একদল লোক ছিলেন, তাঁদের উদ্দেশ্যে উনি (পাকিস্তানি সেনাপ্রধান মুনির) বলেছেন যে এই মানুষটা (ট্রাম্প) লাখ-লাখ মানুষের জীবন বাঁচিয়েছেন। কারণ উনি একটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। যুদ্ধ চললে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যেত। উনি যেভাবে বলেছেন, সেটা আমার খুব ভালো লেগেছে।’সেই রেশ ধরে তাঁকেই শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়ার সওয়াল করেন ট্রাম্প। যিনি দাবি করেছেন যে দ্বিতীয় দফায় কমপক্ষে সাতটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। গাজা শান্তি পরিকল্পনা ঘোষণার একদিন পরে আমেরিকার সামরিক বাহিনীর অফিসারদের উদ্দেশ্যে করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনি কি নোবেল পুরস্কার পাবেন? একদমই নয়। ওরা (নোবেল কমিটি) এমন একজনকে দেবে, যিনি কিছুই করেননি।’
তারপরই ট্রাম্প দাবি করেছেন, তাঁকে যদি নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হয়, তাহলে সেটা আমেরিকার জন্য অপমানজনক হবে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘এটা (ট্রাম্পকে নোবেল না দেওয়া) আমাদের দেশের জন্য অপমানজনক। আমি আপনাদের বলছি। আমি নিজে ওটা চাই না। আমি চাই যে দেশ সেটা পাক।এমনিতে আগামী ১০ অক্টোবর নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা করা হবে। তার আগে আরও একবার তাঁকেই নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সওয়াল করে ফেললেন ট্রাম্প। সংশ্লিষ্ট মহলের মতে, ডেমোক্র্যাট বারাক ওবামা যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, সেজন্য দীর্ঘদিন ধরেই বিরক্ত হয়ে আছেন ট্রাম্প। ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। যিনি তখন এক বছরও ক্ষমতায় বসেননি। সেই পরিস্থিতিতে ট্রাম্পও মরিয়া হয়ে উঠেছেন নোবেলের জন্য।
