WB guv gets death threat। ‘উড়িয়ে দেব’, নিজের ফোন নম্বর লিখে রাজ্যপালকে খুনের হুমকি

Spread the love

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দেওয়া হল। আর সেই হুমকির পরে রাজ্যপালকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। রাতেই খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে লোকভবনের (অতীতের রাজভবন) তরফে কিছু জানানো হয়নি।

ফোন নম্বর লিখে রাজ্যপালকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি

লোকভবনের এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যপালকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়ে ইমেল করা হয়েছে। ওই আধিকারিকের কথায়, ‘ইমেলে নিজের মোবাইল নম্বরও উল্লেখ করে দিয়েছে অভিযুক্ত। আমরা রাজ্য পুলিশের ডিজিকে বিষয়টি জানিয়েছি। আর ওই অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে বলেছি।’ সেইসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকেও পুরো বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

‘জেড-প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল

এমনিতে ‘জেড-প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পান পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন ৬০-৭০ জন। হুমকি মেলের পরে নিরাপত্তার বহর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। লোকভবন সূত্রে খবর, অতীতেও একাধিকবার রাজ্যপালকে হুমকি দেওয়া হয়েছে। তাও কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে লোকভবন সূত্রে খবর।

রাতেই লোকভবনে হাই-প্রোফাইল বৈঠক

সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যপালের সুরক্ষা নিশ্চিত করতে হাতে হাত মিলিয়ে কাজ করছে সিআরপিএফ এবং রাজ্য পুলিশ। রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা পর্যালোচনা বৈঠক করেন। খতিয়ে দেখেন পুরো পরিস্থিতি। কতটা নিরাপত্তা বাড়ানো হবে, তা পর্যালোচনা করে দেখেন তাঁরা।

যদিও সেই খুনের হুমকির তোয়াক্কা না করেই শুক্রবার কোনওরকম নিরাপত্তা ছাড়াই হাঁটবেন কলকাতার রাস্তায়। সূত্রের খবর, রাজ্যপাল নিজের ঘনিষ্ঠবৃত্তের কাছে জানিয়েছেন যে নিরাপত্তা ছাড়াই হাঁটবেন। তাঁকে রক্ষা করবেন পশ্চিমবঙ্গের মানুষ। আর সেই বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বোস।

আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বঙ্গে, মমতাকে নিশানা বিজেপির

আর সেইসবের মধ্যেই বিষয়টি নিয়ে মমতা সরকারকে নিশানা করেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে স্বাগত। যেখানে রাজ্যপালও সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। কয়লা পাচার এবং অর্থ পাচারের দায়ে অভিযুক্ত একটি বেসরকারি সংস্থাকে বাঁচানোর জন্য ইডির থেকে অপরাধমূলক ফাইল ছিনিয়ে নিতে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক চরম বিপর্যয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *