নিজের বিধানসভা কেন্দ্রের এসআইআর নিয়ে কোনও কারচুপি বরদাস্ত করবেন না, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভবানীপুরের সব বুথ লেভেল এজেন্ট (বিএলএ) এবং কাউন্সিলরদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে একেবারে কড়া ভাষায় তিনি নির্দেশ দিয়েছেন যে কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না দেওয়া হয়। আর সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তাঁর টেবিলে জোড়া তালিকা পেশ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তথ্যগত অসংগতির কারণে যাঁদের এসআইআরের (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) শুনানি ডাকা হয়েছে, তাঁদের নামের তালিকা দিতে হবে। সেইসঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়তে পারে, সেই তালিকাও তাঁর কাছে পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কোন কোন ওয়ার্ডে বাড়তি নজর রাখতে হবে? নির্দেশ মমতার
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শুক্রবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বিএলএ এবং কাউন্সিলরদের চোখ-কান খুলে রাখার নির্দেশ দিয়েছেন। এসআইআর প্রক্রিয়ার সময় তাঁদের অত্যন্ত সতর্ক থাকতে বলেছেন। বিশেষত কলকাতা পুরনিগমের ৬৩ নম্বর এবং ৭২ নম্বর ওয়ার্ডে বাড়তি নজর রাখার পরামর্শ দিয়েছেন, যাতে কোথাও কোনওরকম কারচুপি করতে না হয়। এমনকী ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছা করে অনেকের নাম ছেঁটে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।
সাতদিনের ডেডলাইন দিল কমিশন
আর মমতার সেই বৈঠকের আবহেই সাতদিনের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআরের শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বৈঠকে সেই নির্দেশ দিয়েছে। বৈঠকে হাজির ছিলেন বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত-সহ সব জেলার নির্বাচনী আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ইআরও)।

১৪ ফেব্রুয়ারিই ভোটার তালিকা প্রকাশ করা হবে
সেই বৈঠকে হাজির এক আধিকারিক জানিয়েছেন, নোটিশ জারি করার এবং নথি আপলোড করার জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগামী রবিবার বিকেল পাঁচটার মধ্যে বাধ্যতামূলকভাবে এসআইআরের নোটিশ জারি করতে হবে। আর পরবর্তী সাতদিনের মধ্যে নথি আপলোড করতে হবে কমিশনের সার্ভারে। আর যে ভোটারদের ইতিমধ্যে শুনানি হয়ে গিয়েছে, তাঁদের নথি আপলোড করতে হবে ২ ফেব্রুয়ারির মধ্যে। কমিশনের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই সময়সীমা মেনে চলতেই হবে। কারণ আগামী ১৪ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।