Winter Weather Forecast in Kolkata। ১০ ডিগ্রির ‘মায়া’ কাটাল কলকাতা! একধাক্কায় চড়ল পারদ

Spread the love

পরপর দু’দিন কনকনে শীতের পরে কলকাতার পারদ কিছুটা চড়ল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) হল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ২২ ডিগ্রি আছে। এমনিতে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রিতে নেমে গিয়েছিল। তার সুবাদে ১৩ বছরে শীতলতম জানুয়ারির মুখে পড়েছিল কলকাতা। তবে বুধবার সামান্য বৃদ্ধি পায় সর্বনিম্ন তাপমাত্রা। ঠেকে ১০.৩ ডিগ্রিতে। কিন্তু বৃহস্পতিবার একধাক্কায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৩ ডিগ্রি বেড়ে গিয়েছে।

স্বাভাবিকের নীচেই থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

তবে বৃহস্পতিবার কলকাতার পারদ কিছুটা চড়লেও আগামী কয়েকদিন মহানগরীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আজ যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আবহবিদদের মতে, আপাতত কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। শীত থাকবে। তবে তাপমাত্রার কিছুটা এদিক-ওদিক হলেও ঠান্ডার দাপট কিছুটা কমতে পারে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আজ কলকাতায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দুপুরের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সার্বিকভাবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দিনে আরও ঠান্ডা বাড়বে কবে থেকে?

এমনিতে টানা ২৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম আছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম ছিল। বুধবার সকালের দিকেও কুয়াশার আস্তরণ ছিল। কিন্তু বেলা বাড়তেই মেঘ ঠেলে বেরিয়ে আসতে থাকে সূর্য। তার ফলে বুধবার বৃদ্ধি পায় সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকে ২২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম।তবে সপ্তাহান্তে ফের ‘খেলা’ ঘুরতে পারে। রোদের কারণে দিনের বেলা শীত যে কিছুটা নির্বিষ হয়েছে, সেটা পালটে যাওয়ার সম্ভাবনা আছে। আবহবিদদের মতে, জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় কুয়াশার আস্তরণ কিছুটা পাতলা হয়ে যায়। ফলে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যদিও শুক্রবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সেই পরিস্থিতিতে সপ্তাহান্তে ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ফের কমতে শুরু করবে। অর্থাৎ দিনের বেলায় ঠান্ডা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *