ইমরান খানের স্বাস্থ্য বিষয়ে ‘গুজব’ নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি পিটিআই’র

Spread the love

পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক ‘গুজবের’ বিষয়ে সরকারের কাছে স্পষ্টীকরণ দাবি করেছে দলটি। একইসঙ্গে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে ইমরান এবং তার পরিবারের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের সাথে তার বোনরা বারবার দেখা করতে চেয়েও অনুমতি মেলেনি।  যার ফলে তারা সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান ধর্মঘট করেছেন।এছাড়াও, এক্স-এর বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার মৃত্যুর অযাচাইকৃত দাবি শেয়ার করেছে।


বৃহস্পতিবার ভোরে এক্সে জারি করা এক বিবৃতিতে পিটিআই দলটি বলেছে, ‘ইমরানের স্বাস্থ্যের বিষয়ে আফগান ও ভারতীয় মিডিয়া এবং বিদেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ‘ঘৃণ্য প্রকৃতির গুজব’ ছড়িয়ে দেয়া হচ্ছে।’

দলটি দাবি করেছে, ‘বর্তমান সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে স্পষ্টভাবে এই গুজবটি উড়িয়ে দেবে এবং স্পষ্ট ব্যাখ্যা দেবে। তাছাড়াও অবিলম্বে ইমরান এবং তার পরিবারের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করবে।’

দলের পক্ষ থেকে দাবি করা হয়, ইমরানের স্বাস্থ্য, নিরাপত্তা এবং বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক এবং স্বচ্ছ বিবৃতি জারি করা উচিত।


এ ধরনের সংবেদনশীল ইস্যুতে গুজব ছড়ানোর জন্য দায়ীদের তদন্ত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং জাতির সামনে তথ্য উপস্থাপন চাওয়া হয়েছে।


দলটি তাদের বিবৃতিতে সতর্ক করে বলেছে, জাতি তার নেতার (ইমরান) মর্যাদা নিয়ে কোনো অনিশ্চয়তা সহ্য করবে না।


‘ইমরানের নিরাপত্তা, মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সরকার সরাসরি দায়ী।’ দলটি আরও বলেছে।

এদিকে, পিটিআই এই গুজব মোকাবেলা করতে এবং সত্য প্রকাশের জন্য প্রতিটি আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *