উত্তর প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট ভবনের নবম তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তিন বোন। যাদের বয়স ১৮ বছরের নিচে। অভিযোগ উঠেছে, শিশু তিনটির বাবা-মা তাদের অনলাইন গেমিং আসক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
তিন বোনের নাম পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। জানা গেছে, তিন বোন একসাথে সবকিছু করত। যেমন গোসল, খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্ম।
পুলিশ তদন্ত করার পর নিশ্চিত করেছে যে, চেতন কুমারের তিন মেয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। শালিমার গার্ডেনের সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং এসব তথ্য জানান।
তিনি জানান, রাত ২টার দিকে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়ার পর ভবনের কাছে বোনদের পড়ে থাকতে দেখা যায়। তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া চালাচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার।

জানা গেছে, কোভিড-১৯ মহামারীর সময় তারা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল এবং অনলাইন টাস্ক-ভিত্তিক কোরিয়ান গেম খেলত। পুলিশের মতে, মেয়েরা নিয়মিত স্কুলে যেত না। তিনজনের মধ্যে বড় বিশিকা পড়াশোনায় ভালো ছিল না বলেও জানিয়েছে পুলিশ।
মেয়েরা তাদের বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি সুইসাইড নোট রেখে গেছে এবং তাদের আত্মহত্যার কারণ সম্পর্কে বিস্তারিত একটি ডায়েরি পড়তে বলেছে।
সেখানে লেখা আছে, ‘ইজ ডায়েরি মে জো কুছ ভি লেখা হ্যায় ও সব পড় লো কিউকি ইয়ে সব সচ হ্যায়’ (এই ডায়েরিতে লেখা সবকিছু পড়ো কারণ সবই সত্যি।) এখন পড়ো। আমি সত্যিই দুঃখিত। দুঃখিত, বাবা। নোটটিতে লেখা ছিল। এর সাথে একটি কান্নাকাটি করা হাতে আঁকা ইমোজি ছিল।
বুধবার রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক শহর ভারত সিটিতে এই ঘটনা ঘটে।
গত কয়েক বছর ধরে, তাদের অনলাইন গেমের ব্যবহার বেড়ে যায়। এজন্য তারা ঘন ঘন স্কুল কামাই করত বলেও জানানো হয়।
পুলিশ তাদের মোবাইল ফোন পরীক্ষা করছে এবং ঘটনার ক্রম বুঝতে পরিবারের সদস্যদের সাথে কথা বলছে।