অফিসারদের সামনে প্রোমোশনের সুযোগ

Spread the love

WBCS অফিসারদের জন্য ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, WBCS অফিসাররা দু’বছর বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) হিসেবে দায়িত্ব পালন করার পরেই মহকুমা শাসক হয়ে যেতে পারবেন। সেইসঙ্গে গ্রুপ ‘এ’ অফিসারদেরও পদোন্নতির দরজা খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, প্রশাসনিক কাজের জন্য WBCS এবং আইন-শৃঙ্খলার কাজের জন্য WBPS-র মধ্যে সাম্য আনা হচ্ছে।

আর মঙ্গলবার মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করেছেন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে। তিনি বলেন, ‘একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছিল না যে তোমাদের এসডিএ কম। কারণ আমাদের জেলা কম। মাত্র ২৩টি জেলা। ফলে সাব-ডিভিশন কম। আসতে-আসতে তো জেলা বাড়বে। পুলিশ জেলা যেমন বেড়ে অনেকগুলো হয়েছে। এমনি জেলা আছে ২৩টি।’

WBCS এক্সজিকিউটিভ অফিসারদের নিয়ে কী সিদ্ধান্ত?

রাজ্য মন্ত্রিসভার সেই সিদ্ধান্তের কথা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজ ক্যাবিনেটে পাশ করেছি যে WBCS এক্সজিকিউটিভ যাঁরা আছেন, তাঁরা দু’বছর প্রবেশনার থাকবেন এবং তিন বছর বিডিও করেই এসডিও হয়ে যাবেন।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য যে ক্যাডার আছে এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, সেগুলিকে নিয়ে একটি কমিটি করেছি। ইতিমধ্যে ৪৬টি ডিপার্টমেন্ট চিহ্নিত করা হয়েছে। আরও করব। যাতে এই সমপর্যায়ে থাকা গ্রুপ এ অফিসারদের প্রোমোশন হয়, (সেটা দেখা হবে)। ওঁরা কখনও ভালোভাবে প্রোমোশন পান না। একটি জায়গায় শুরু করেন। একটি জায়গায় শেষ হয়ে যায়। সুতরাং তাঁদের প্রোমোশনের জন্য তাঁরাও এই সুবিধা পাবেন।’

‘WBCS এবং WBPS-র মধ্যে সাম্য’

সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানান, WBCS এবং WBPS-র মধ্যে সাম্য আনা হচ্ছে। তাঁর কথায়, ‘পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশের WBPS-এ যেমন একটা সিস্টেম আছে, ওঁরা দু’বছর প্রবেশনার থাকার পরই WBPS হয়ে যান। কিন্তু এটা WBCS-তে ছিল না।’

সাসপেন্ড হওয়া AERO-দের পাশে মমতা

তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) বেনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন যে সাত অতিরিক্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে (এইআরও) সাসপেন্ড করেছে, তাঁদের চাকরি যাচ্ছে না। তাঁদের শুধুমাত্র ভোটের কাজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাঁরা জেলায় কাজ করবেন। তাঁদের পাশে আছে রাজ্য সরকার। এমনকী পদোন্নতির সুযোগ থাকছে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, ওই সাত অফিসারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *