এই বছরের কালীপুজোয় অঙ্কুশ হাজরা একটি নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এনে জানিয়েছিলেন, তিনি একেবারে কমেডির মোড়কে নিয়ে আসতে চলেছেন একটি নতুন ছবি। প্রকাশ্যে এনেছিলেন ছবির নামও। সুমিত সাহিল পরিচালিত নারী চরিত্র বেজায় জটিল ছবির ফাস্ট লুক দেখেই বোঝা গিয়েছিল বেশ হাসির ছবি হতে চলেছে এটি।
ওই মোশন পোস্টার যেখানে দেখা যায় মা কালীর হাত থেকে চড় খাচ্ছেন অঙ্কুশ। ভগবান শিব বারবার বারণ করে দিলেও কোন ভুলে এমন শাস্তি পাচ্ছেন অঙ্কশ? না, সেটা জানা না গেলেও এবার জানা গেল ছবি মুক্তির তারিখ। ফেসবুকে ছবির একটি ছোট্ট মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন অঙ্কুশ।
ভিডিও পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালোবাসার আশায় রইলাম। নারী চরিত্র বেজায় জটিল আসছে ৯ জানুয়ারি ২০২৬ সিনেমা হলে। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মত একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক? কি বল?’
কয়েক সেকেন্ডের ভিডিওতেই বোঝা যাচ্ছে পুরুষের সঙ্গে ঈশ্বরের সরাসরি কথোপকথন দেখা যাবে এই ছবিতে। যেহেতু মা কালী নিজেও একজন নারী তাই অঙ্কুশের মুখে নারীর অপমান কিছুতেই তিনি সহ্য করবেন না। অঙ্কুশকে দিন দুপুরে শাস্তি দেওয়ার জন্য চড় মারতে থাকেন তিনি। যদিও পুরোটাই চলতে থাকে মজার ছলে।
এই ছবিতে অঙ্কুশের সঙ্গে অভিনয় করবেন ঐন্দ্রিলা। বহুদিন বাদে এমন নির্ভেজাল একটি কমেডি ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। দর্শকদের সেই অপেক্ষা ঠিক কতদিনের সেটাই জানানোর জন্য এই ভিডিও পোস্ট করেন অঙ্কুশ।

প্রসঙ্গত, চলতি বছর ‘রক্তবীজ ২’ ছবিতে একেবারে অন্যরকম ভাবে ধরা দিয়েছিলেন অঙ্কুশ। সবসময় যে অভিনেতাকে কমেডি চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে একটি অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখে ভীষণ খুশি হন ভক্তরা। এবার আবার সেই পুরনো অঙ্কুশকে ফিরে পেতে চলেছেন ভক্তরা।