সলমন খানের বাবা, বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকর সেলিম খানকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে ভর্তি করে আইসিইউতে রাখেন। প্রথমে চিকিৎসকরা সেলিম খান সম্পর্কে তেমন তথ্য না দিলেও, এখন বলা হচ্ছে তাঁর অস্ত্রোপচার হয়েছে।
ডাক্তার কী বলেছেন?
এখনও পর্যন্ত সেলিম খানের পরিবারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে হাসপাতালের চিকিৎসক জলিল পারকার এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তথ্য ভাগ করে নিয়েছেন। জলিল পারকার জানান, ‘সেলিম খানের অস্ত্রোপচার হয়েছে। এখন তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। বুধবার সকাল ১১ টায়, আমরা পরিবার এবং আত্মীয়দের সম্মতিতে একটি প্রেস বুলেটিন জারি করব। ’
‘তিনি স্থিতিশীল আছেন, তবে তাঁর ক্লিনিকাল স্ট্যাটাসের জন্য তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’, আরও জানান চিকিৎসক। প্রসঙ্গত, সেলিম খানকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই খান পরিবারের সদস্যরা একে একে বান্দ্রার হাসপাতালে হাজির হতে থাকেন। এমনকী, মঙ্গলবার মধ্যরাতের দিকে জাভেদ আখতার এবং সঞ্জয় দত্তকেও হাসপাতালের বাইরে দেখা গিয়েছে।

সেলিম খান সম্পর্কে:
চিত্রনাট্যকার সেলিম খানকে হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী চিত্রনাট্যকার হিসাবে বিবেচনা করা হয়। জাভেদ আখতারের সঙ্গে লিখতেন তিনি। তাদের জুটির নাম ছিল সেলিম-জাভেদ। তিনি ১৯৭০ এর দশকে এবং ১৯৮০-র দশকের গোড়ার দিকে মূলধারার বলিউড সিনেমা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ২৪টি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন, এবং যার মধ্যে ২০টি হিট হয়েছিল।