আচমকা আগুন! ঘরছাড়া যশ-নুসরত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভ্রজিৎ,সায়ন্তিকারা

Spread the love

সকালবেলা থেকেই যখন শিবরাত্রির পুজো নিয়ে তোড়জোড় চলছে সর্বত্র, ঠিক তখনই টালিগঞ্জের এক বহুতল আবাসনে লেগে গেল আগুন। কিন্তু এই আবাসন যে সে আবাসন নয়, এই আবাসনে বাস করেন বিনোদন দুনিয়ার একাধিক সেলিব্রেটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন নুসরত, যশ, সায়ন্তিকারা।

কী ঘটেছিল?

টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর পাশেই একটি বহুতল রয়েছে যেখানে বসবাস করেন টলি পাড়ার বেশকিছু সেলিব্রেটি। ওই বহুতলই থাকেন যশ দাশগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভজিৎ মিত্র, অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

জানা গিয়েছে, শিবরাত্রির সকালে বহুতলের পাঁচতলায় হঠাৎ করেই আগুন লেগে যায় যা চোখের নিমেষে সর্বত্র ছড়িয়ে যায়। তবে ব্যাপারটি জানাজানি হতেই সবাই সঙ্গে সঙ্গে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। গোটা ঘটনায় কারও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।ঘটনার সবিস্তার বিবরণ করতে গিয়ে আনন্দবাজার ডট কমকে পরিচালক শুভ্রজিৎ বলেন, পাঁচতলার এক বাসিন্দা শিবরাত্রির পুজো করছিলেন নিজের ঠাকুর ঘরে। প্রদীপ জ্বালিয়ে আরতি করার পর প্রদীপ আর নেভাননি। বাড়িতে পুজোর পর আবাসনের নিচের শিব মন্দিরে পুজো করবেন বলে তাঁরা নিচে নেমে আসেন। এদিকে জ্বলন্ত প্রদীপটি থেকেই খুব সম্ভবত আগুন ধরে যায়।

আবাসনের যে তলায় আগুন লেগেছে ঠিক তার ওপরে থাকেন অভিনেত্রী নুসরত এবং অভিনেতা যশ দাশগুপ্ত। খুব স্বাভাবিকভাবেই প্রাণভয়ে নিচে নেমে আসেন সন্তানকে নিয়ে। তবে দমকলের তিনটি ইঞ্জিন এসে যে খুব তাড়াতাড়ি সবকিছু আয়ত্তে নিয়ে আসে, সে কথাও সংবাদ মাধ্যমকে জানান অভিনেত্রী।

ওই আবাসনের ১৮ তলায় অসুস্থ মাকে নিয়ে থাকেন শুভ্রজিৎ। লিফট বন্ধ থাকায় মাকে নিয়ে নিচে নামতে অনেকক্ষণ সময় চলে যায়, ততক্ষনে কালো ধোঁয়ায় সর্বত্র ছেয়ে যায়। এছাড়া জানা গিয়েছে, একটি ফ্ল্যাটে ১৪টি সারমেয় ছিল, তাদেরকেও সুস্থভাবে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *