আটক ৫ বছরের শিশু ও তার বাবাকে ছেড়ে দিতে মার্কিন বিচারকের নির্দেশ

Spread the love

যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক অ্যাড্রিয়ান কোনেজো আরিয়াস এবং তার পাঁচ বছর বয়সী ছেলে লিয়াম কোনেজো রামোসকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রেড বিয়েরি এমন আদেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আইনপ্রয়োগকারী সংস্থা ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর অভিযানে আটক হয় লিয়াম ও তার বাবা। অ্যাড্রিয়ান কোনেজো আরিয়াস এবং তার পাঁচ বছর বয়সী ছেলে লিয়াম কোনেজো রামোসকে মিনেসোটায় অভিযানের সময় অভিবাসন কর্মকর্তারা আটক করেছিলেন।

বিচারক বিয়েরি তার দেয়া আদেশে লিয়ামের আটককে অবৈধ বলে উল্লেখ করেন।

এর আগে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, লিয়ামকে মিনিয়াপোলিসের একটি এলাকা থেকে আইসিই কর্মকর্তারা তুলে নিয়ে যাচ্ছেন। ওই সময় লিয়ামের মাথায় নীল রঙের হ্যাট ছিল, সঙ্গে একটি ব্যাকপ্যাক। এ ছবিটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের নেয়া কঠোর অভিবাসননীতির প্রতীক হয়ে উঠেছে।

ইকুয়েডরের ওই ছেলে এবং তার বাবা, যিনি বৈধভাবে আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, তাদের টেক্সাসের ডিলিতে একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠানো হয়। তাদের আইনজীবী মার্ক প্রোকোশ আগে রয়টার্সকে বলেছিলেন।


বিচারক ফ্রেড বিয়েরি তার দেয়া আদেশে জানান, অভিবাসনের জন্য আবেদনকারীদের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জটিল অভিবাসনব্যবস্থার জন্য জোরপূর্বক বা স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরে যেতে হতে পারে। প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল ও মানবিক হওয়া উচিত ছিল বলেও জানান তিনি।আইসিইর এমন আগ্রাসী অভিযানের বিরুদ্ধে ইতিমধ্যে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মিনিয়াপোলিসের কলাম্বিয়া হাইটস স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে ওই এলাকায় অভিবাসন কর্মকর্তাদের হাতে কমপক্ষে চার শিক্ষার্থী আটক হয়েছে লিয়াম তাদের একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *