বিনোদন জগতের একজন অন্যতম অভিনেতা হলেন খরাজ মুখোপাধ্যায়। একটা সময় একের পর এক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আবার প্রলয় ২’ ছবির অফিশিয়াল ট্রেলার যেখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা দিয়েছে খরাজ মুখোপাধ্যায়কে।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে রাজ চক্রবর্তীর প্রতি পুরনো অভিমানের কথা উঠে আসে। অভিনেতা বলেন, ‘একবার ফিল্ম ফেস্টিভ্যালে আর্টিস্টদের মিটিংয়ে রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করার এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলতে তখন আমি বলেছিলাম যে রাজ যতদিন পরিচালক ছিলেন ততদিন আমায় অভিনয়ে নিয়েছিলেন কিন্তু এখন প্রযোজক হয়ে গেছেন তাই আর এখন আমায় অভিনয় করতে নেন না। তখন কথাটা আমি অভিমান করেই বলেছিলাম কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে যেটা এমন কাণ্ড করে ফেলবে তা কল্পনাও করতে পারিনি।’
খরাজ বলেন, ‘রাজ আমায় ফোন করে বলেন তোমার জন্য একটা চরিত্র আছে। তোমায় করতে হবে। কিন্তু এটা যে একেবারে প্রতিহিংসার মত ব্যাপার হবে আমি বুঝতে পারিনি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে লাফানো ঝাপানো সবকিছু করতে হয়েছে আমাকে। যদিও সেটা চরিত্রের জন্যই করতে হয়েছে কারণ আমি একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছি।’
খরাজ আরও বলেন, ‘এখনও পর্যন্ত আমি যত পুলিশের চরিত্রে অভিনয় করেছি তত বোধহয় এই ইন্ডাস্ট্রিতে অন্য কেউ করেনি। একজন পুলিশও হয়তো ততবার পোশাক পরেননি যতবার আমি পুলিশের পোশাক পরেছি। তবে অবশ্যই এই চরিত্রে অভিনয় করাটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এই শরীরে এত কসরত করা অবশ্যই একটা বিরাট ব্যাপার ছিল আমার কাছে।’প্রসঙ্গত, খরাজ ছাড়া এই সিরিজে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন রোহন ভট্টাচার্য। আগের পর্বের মতো এই পর্বেও স্বমহিমায় থাকছেন পার্থ ভৌমিক। থাকবেন ওম সাহানি থেকে শুরু করে জুন মালিয়া অনেকেই। অভিনয় করবেন লোকনাথ দে থেকে শুরু করে অনুজয় ভট্টাচার্য প্রমুখ। তবে শুধু মারামারি নয় এই সিরিজে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি হট আইটেম ডান্স নাম্বার। থাকছে সৌরসেনী মৈত্রের শাড়ি পরে অ্যাকশান করে দেখানোর মুহূর্ত। সর্বোপরি থাকছেন শ্বাশত চট্টোপাধ্যায়, যাকে ছাড়া এই সিরিজ অসম্পূর্ণ।
