‘আর ওই গান আমি গাইব না…’! অরিজিৎ থেমেছেন,এবার বড় সিদ্ধান্ত জানালেন শ্রেয়া ঘোষাল

Spread the love

তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। কখনও রোম্যান্টিক গান, তো কখনও ধ্রুপদী— সবেতেই তিনি অনন্যা। কিন্তু এবার নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল। চলতি বছরের গোড়াতেই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করে সকলকে অবাক করে দিয়েছেন অরিজিৎ সিং। এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন অপর বাঙালি সিঙ্গিং সেনসেশন।২০১২ সালে ‘অগ্নিপথ’ ছবির জন্য গাওয়া শ্রেয়ার ‘চিকনি চামেলি’ গান এক মাইলফলক। ক্যাটরিনা কাইফের নাচ আর শ্রেয়ার কণ্ঠের জাদুতে আজও পার্টি বা উৎসবের প্রাণ চিকনি চামেলি। তবে এবার সেই ধরনের গান থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার বড় ঘোষণা করলেন শ্রেয়া ঘোষাল।

কেন এই সিদ্ধান্ত?

সম্প্রতি রাজ শমানির এক পডকাস্টে শ্রেয়া তাঁর মনের কথা উজাড় করে দিয়েছেন। শ্রেয়া জানান, ‘চিকনি চামেলি’-র আকাশছোঁয়া সাফল্যের পর তাঁর কাছে একের পর এক এমন অনেক গানের প্রস্তাব এসেছে, যেগুলোর লিরিক্স ছিল অত্যন্ত নিম্নমানের এবং অবমাননাকর। শ্রেয়ার কথায়, ‘চিকনি চামেলি ভালো গান ছিল, কিন্তু এরপর আমাকে এমন সব গান অফার করা হয় যেখানে মহিলাদের কেবল ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে। সেসব গানের কথা এতটাই কুরুচিকর ছিল যে সেগুলো রেকর্ড করতে আমার লজ্জা করছিল।’

অস্বস্তিকর প্রস্তাবের অভিজ্ঞতা:
শ্রেয়া একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, তাঁর এক সুরকার বন্ধু তাঁকে এমন একটি গান অফার করেছিলেন যার কথা ছিল— ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’। গায়িকার দাবি, শুধু এই শব্দগুলো কল্পনা করেই তিনি অস্বস্তি বোধ করেছিলেন এবং তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রসঙ্গত শ্রেয়া কারুর নাম না নিলেও, ‘মেয় তো তন্দুরি মুরগিও ইয়ার গটকালে সাঁইয়া অ্যালকোহল সে’ বলিউডের জনপ্রিয় গানের লাইন। দাবাং টু-এর ফেবিকল গানের লাইন এটি। যা কম্পোজ করেছেন সাজিদ-ওয়াজিদ। গানটি গেয়েছিলেন মমতা শর্মা।

অতীত নিয়ে অনুশোচনা নেই, তবে সতর্ক ভবিষ্যৎ:

অতীতের ‘আইটেম নাম্বার’ নিয়ে কি কোনো আফসোস আছে? শ্রেয়া বলেন, ‘আমি লজ্জিত নই। সেই সময় আমি গানটি গেয়েছিলাম এবং ওটা আমারই গান। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আর এমন গান করব না যেখানে নারীর সম্মান ক্ষুণ্ণ হয়। এমনকি যখন ছোট বাচ্চাদের ওই ধরনের গানের তালে নাচতে দেখি, তখন মাঝেমধ্যে চোখ বন্ধ করে ফেলি।’

বর্তমানের কাজ:

বর্তমানে নিজের পছন্দমতো কাজেই বেশি মন দিচ্ছেন শ্রেয়া। সম্প্রতি অমান মালিকের সঙ্গে তাঁর নতুন গান ‘ইয়ি গুজার দো’ (Yahin Guzar Do) মুক্তি পেয়েছে, যেখানে তাঁর সঙ্গে গলার জাদু ছড়িয়েছেন অমানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *