ইন্ডাস্ট্রির বন্ধুদের বাড়িতে আসা মানা! বাড়ির বাইরে গুলি, খুনের হুমকি পাওয়ার পর

Spread the love

রবিবার সকালে বলিউড চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানো হয়। আচমকা ঘটা এই ঘটনা সকলকে অবাক করে দিয়েছিল। অভিনেতার বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালায় বাইক আরোহী হামলাকারীরা।

এই মামলার তদন্তকারী একটি পুলিশ দল পুনে থেকে ইতিমধ্যেই ৫ জনকে আটক করেছে। অন্য দিকে পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করেছেন রোহিত। এরই মধ্যে খবর আসছে যে, রোহিত তাঁর সমস্ত কাছের মানুষদের আপাতত তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে দেখা না করার অনুরোধ করেছেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই পুলিশকে সহযোগিতা করছেন সিংঘম-পরিচালক। তিনি তাঁর বয়ান রেকর্ড করেছেন। এই গোলাগুলির ঘটনার পর পরিচালকের বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, রোহিত শেট্টি ইন্ডাস্ট্রির সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের বাড়িতে না আসার পরামর্শও দিয়েছেন। এমনকী, রোহিত নিজের বেশ কিছু কাজও বাতিল করেছেন। তবে রোহিত বা টিমের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, রোহিত শেট্টির বাড়িতে হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি মেসেজ পাওয়া গিয়েছে, যেখানে বলা হয়েছে পরেরবার বেডরুমে ঢুকে বুকে গুলি করা হবে বলিউডের পয়লা সারির পরিচালককে। এই মেসেজে আরও অনেক সেলিব্রিটিকেও হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির পরে, পুলিশ পুনে থেকে ৫ সন্দেহভাজনকে আটক করেছে। যাদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *