ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ ধরনের কোনো নতুন আগ্রাসন আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি।সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত করা লিখিত বক্তব্যে লাভরভ ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে এবং চাপ কমাতে মস্কোর প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন।
রাশিয়ার শীর্ষ এই কূটনীতিক জোর দিয়ে বলেন,
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি পশ্চিম এশিয়া অঞ্চল এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
লাভরভ সতর্ক করে আরও বলেন, ‘বিদেশি প্ররোচনায় সৃষ্ট অস্থিরতা’-কে অজুহাত হিসেবে ব্যবহার করে ‘২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসন’ পুনরাবৃত্তি করা হলে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।
এদিকে একইদিনে ক্রেমলিনও জোর দিয়ে জানিয়েছে যে, ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে রাশিয়া তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ বা সংরক্ষণের মতো বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করে আসছে মস্কো, যাতে উত্তেজনা হ্রাস পায়।
তিনি বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। বিভিন্ন দেশের জন্য বিরক্তিকর কিছু বিষয় দূর করার একটি সম্ভাব্য পথ হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই আমাদের সেবা দেয়ার প্রস্তাব দিয়ে আসছি।
রাশিয়া সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং সংঘাত উসকে দেয়ার পরিবর্তে উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও জানান পেসকভ।