চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছিলেন। সোমবার (৯ মার্চ) পুতিন-ট্রাম্প ফোনালাপে প্রায় ঘণ্টাব্যাপী কথা হয় তাদের।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন এবং ট্রাম্প ‘সতর্ক ও গঠনমূলক’ টেলিফোন কলের সময় ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন।
পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ডিসেম্বরের পর প্রথম আলোচনায় সোমবার পুতিন এবং ট্রাম্প এক ঘন্টার ফোনালাপ করেন। ওয়াশিংটন আলোচনাটি চেয়েছিল বলেও জানানো হয়।‘ইরানের সাথে সংঘাতের পরিস্থিতি এবং ইউক্রেনীয় প্রশ্ন নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে চলমান দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেয়া হয়েছে।’ উশাকভ বলেন।
উশাকভ বলেন, পুতিন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র হলো ইরান।
উপদেষ্টা জানান, ইউক্রেন সংঘাতে ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টা ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন পুতিন। রাশিয়ান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে এবং রাশিয়ান, মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যেও ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় কোনও অগ্রগতি হয়নি।
ওয়াশিংটন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি সিরিজ নিয়ে আলোচনা করতে চেয়েছিল, জানান উশাকভ।

ট্রাম্প-পুতিন কথোপকথনটি গুরুতর এবং গঠনমূলক ছিল বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।ট্রাম্প এবং পুতিন গত বছরের আগস্টে আলাস্কায় একটি শীর্ষ সম্মেলন করেছিলেন।