সম্প্রতি কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এমনিতেই বাংলায় বেজে গিয়েছে ভোটের ডঙ্কা। তারই মাঝে বলিউড নায়িকাকে সামনে পেয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয় যে, ‘সুযোগ পেলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন’? তা তৃণমূল সুপ্রিমো, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে কী জানালেন তাপসী?
মমতার সঙ্গে দেখা করতে চান তাপসী?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে, নিউজ ১৮ বাংলাকে তাপসী জানালেন, ‘হ্যাঁ কেন নয়? উনি একজন শক্তিশালী মহিলা, এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন। আমি সবসময় এমন মানুষদের দ্বারা অনুপ্রাণিত হই। কারণ আমরা সকলেই তো পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনো ক্ষেত্রই হোক না কেন। তাই কেউ যদি নিজস্ব ছাপ ফেলতে পারে, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই উত্তেজিত থাকি।’
বিনোদন জগতের সঙ্গে মমতার ভালোবাসা
টলিউডে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের ‘দিদি’। যে কোনো তারকার বিয়ে হোক, সন্তানের মুখেভাত বা জন্মদিন, নিমন্ত্রণ যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখানেই শেষ নয়, মমতা নিজেই জানিয়েছেন যে, তিনি সিরিয়াল দেখতে খুব পছন্দ করেন। এমনকী, সিরিয়াল তারকাদের পর্যন্ত নামে-নামে চেনেন। প্রতি বছর তারকাদের ডেকে বড় করে করেন পুজো-পরবর্তী বিসর্জনের কার্নিভ্যাল, বিজয়ার আড্ডা।
দিদি-প্রেমী বলিউড
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আটকে নেই টলিপাড়ার গণ্ডিতেই। বলিউডের তারকারাও ছুটে আসেন দিদির ডাকে। তা সে অমিতাভ ও জয়া বচ্চন হোক বা শাহরুখ-সলমন খান। এমনকী, প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বহু বলি তারকার সমাগম হয়।

কলকাতায় তাপসী
পরিচালক অনুভব সিনহা, অভিনেত্রী তাপসী পান্নু এবং কানি কাসরুতি কলকাতায় এসেছিলেন তাঁদের নতুন ছবি অ্যাসি–র প্রিমিয়ার উপলক্ষে। শহরের একটি নামী হোটেলে ওঠেন তাঁরা। আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাসি।
অভিনেত্রী জানিয়েছেন কলকাতার খাবার তাঁর খুব পছন্দের। আর তিলোত্তমায় এলে তিনি সি ফুড খান। ‘এখানে এলে আমি সি ফুড খাই। কারণ সব শহরে গিয়ে সি ফুড খাওয়া যায় না। আর মিষ্টি তো আছেই। কপাল ভালো যে আমি অত মিষ্টি প্রেমী নই, নয়তো বেশি খাওয়া-দাওয়া করে ফেলতাম। বেঁচে গেছি। আসলে কোনো শহরে গেলে, আমার ওখানের খাবার খাওয়ার কথা সবার আগে মাথায় আসে। আর কলকাতায় এলেই আমি সি ফুড ট্রাই করি।’, বলতে শোনা গিয়েছে তাপসীকে।