‘এটা আমার কাছে অনেক যন্ত্রণার…’

Spread the love

সত্যি হয়েছে সমস্ত জল্পনা। সেই আরজি করের নির্যাতিতা-নিহত চিকিৎসক অভয়ার মা-ই পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিট পেয়েছেন। আর বিজেপির প্রার্থী হওয়ার পরই পদ্ম শিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন সাধারণ মানুষকে। তাঁর মন্তব্য, ‘প্রার্থী হয়েছি এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক বেদনার।’ তিনি জিতলে পানিহাটিবাসী জিতবে। শুধু তাই নয়, জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী আরজি-করের নির্যাতিতা তরুণীর মা।

সংবাদমাধ্যমের সামনে পানিহাটির বিজেপি প্রার্থী জানান, অভয়া যেভাবে চিকিৎসা করতেন সকলের, পানিহাটি থেকে জিতে তেমনই এখানকার সাধারণ মানুষকে তিনি পরিষেবা দেবেন। অনেক যন্ত্রণা নিয়েই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান নির্যাতিতার মা। যদিও, বুধবার বিরোধী দল সিপিএম ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনও রকম মন্তব্য না করলেও, বিজেপি প্রার্থী বুঝিয়ে দিয়েছেন, তাঁর মেয়ের বিচার চেয়ে রাত দখল করেছিলেন সাধারণ মানুষ। সেই সময় একা কোনও দল শুধু পথে নামেনি। তিনি আরও বলেন, ‘প্রার্থী হয়েছি এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক বেদনার। পানিহাটিবাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারব না। আমি জিতলে পানিহাটিবাসী জিতবে। যাঁরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলেন, আমি তাঁদের হয়ে প্রতিবাদ করব। কিন্তু জিতবে তাঁরাই।’

একই সঙ্গে অভয়ার মায়ের সংযোজন, ‘আমার মেয়ে এখানকার চেম্বারে অনেককে চিকিৎসা দিতেন। আমি তো সেটা পারব না। তাই এখানকার বাসিন্দাদের পরিষেবা দিয়ে সাহায্য করব। নারী সুরক্ষার পক্ষে লড়ব।’ নির্যাতিতার মা এও বলেন, ‘বিচার তো পাবই। আমার মেয়ে সেই রাতে হয়ত মা-মা বলে চিৎকার করেছে। সেই যন্ত্রণাটা…আমি যদি এই সেবা করি সেও কিছুটা খুশি হবে।’ রাজ্যে নারী সুরক্ষা নিয়ে গর্জে উঠে তিনি বলেন, ‘লক্ষ্য একটাই। আমি চাই, আর কোনও রাজ্যের মেয়েরও এমন অভয়ার মত পরিণতি না হয়। এটা পানিহাটিরবাসীর লড়াই। যারা আমার মেয়ের হয়ে লড়াই করেছেন, এটা তাদের সবার লড়াই। আমি চেষ্টা করব, জয় হলে পানিহাটিবাসী জিতবে।’ বলে রাখা ভালো, মেয়ের বিচার চেয়ে অভয়ার মা প্রার্থী হওয়ার জন্য নিজেই আবেদন করেছিলেন বিজেপির কাছে। সে কথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন।

আরজি কর-কাণ্ডে সমগ্র বাংলায় এবং দেশের বিভিন্ন স্থানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। রাজ্যজুড়ে প্রতিবাদের নামে সাধারণ মানুষ। বিজেপি অভিযোগ করে, রাজ্যের শাসক দল এই ঘটনার মূল দোষীদের আড়াল করতে এবং তদন্তে বাধা দিতে চেয়েছিল, যদিও সেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। পানিহাটি থেকে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী হিয়াবে ঘোষণা করে বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে, রাজ্যে নারী সুরক্ষা এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভয়ার মা-কে প্রার্থী হওয়া রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তা ইস্যুতে শাসককে কোনঠাসা করার পাশাপাশি জোরালোভাবে এই বিষয়গুলিকে নির্বাচনী ময়দানে আনতে চাইছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *