‘এসব বলার জন্য অনেকে আমায় ভারতের দালাল, র এজেন্ট..’

Spread the love

বাংলাদেশে বিএনপির সরকার আসার পর এবার তারেক রহমান মন্ত্রিসভার সদস্য ইকবাল হাসান মাহমুদের বক্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠছে। সেদেশে সদ্য মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য পেশ করছিলেন, সেখানেই তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, এগুলোর বাংলার সঙ্গে কোনও সম্পর্ক নেই’, বলে মন্তব্য করেন। সেই মন্তব্যের পর জামায়েত ইসলামি ক্ষোভে ফুটছে!

বাংলাদেশে তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য তথা সেদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। তিনি মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন,’ আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, তাহলে আজকের জেন-জি ইনকিলাব বলত না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? অথচ না গেলেও চলত। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে, এখন সেটা দেখছি।’ তিনি বলেন,’ বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ,এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে।’ এখানেই শেষ নয়। তিনি একইসঙ্গে বলেন,’ এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও ‘র’-এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি বলব, কারণ, এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।’

এদিকে, বাংলাদেশে বিএনপির বর্তমান বিরোধী দল জামায়েত, বিষয়টি নিয়ে, গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির দাবি, মন্ত্রীর এই বক্তব্য কেবল অসঙ্গতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। জামায়েত বলছে, ‘ইনকিলাব’ শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও এটি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। জামায়েতের তরফে বলা হচ্ছে, ‘কোনও শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *