কালো পতাকা-‘গো ব্যাক’ স্লোগানে উত্তাল কালীঘাট

Spread the love

রাজ্যে পা রাখতেই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। এদিন, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের। তার আগে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তাঁকে ঘিরে ধরে কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। তবে এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য না করেই মন্দির চত্বর ছাড়েন কমিশনার। তবে পুজো দিয়ে বেরিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি।

কালীঘাটে কী ঘটেছিল?

রবিবার রাতে তিন দিনের সফরে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট ১২ জন এসেছেন বঙ্গে। তাঁদের স্বাগত জানাতে রবিবার রাতে বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু শহরে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় কালো পতাকা দেখান সিপিআইএম নেতা-কর্মীরা। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগানও। এরপর সোমবার সকালেই প্রশাসনিক বৈঠকের আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল। ফলে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা মন্দির চত্বর। কিন্তু তাঁরা পৌঁছানোর আগে থেকেই মন্দিরের বাইরে জড়ো হয়েছিলেন একদল বিক্ষোভকারী। কমিশনারের গাড়ি পৌঁছাতেই তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনারের সামনেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।

মুখ্য নির্বাচন কমিশনারের প্রতিক্রিয়া

বিক্ষোভের মধ্যেই কড়া নিরাপত্তায় মন্দিরে প্রবেশ করেন জ্ঞানেশ কুমার। কালীঘাটে পুজো দিয়ে হাসিমুখেই বের হন তিনি। তবে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিতর্ক এড়িয়ে যান। বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য না করে কেবল বলেন, ‘পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভালো রাখুন।’ এরপরেই তিনি দ্রুত গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। কালীঘাট থেকে নিউটাউনের হোটেলের দিকে রওনা দিয়েছেন। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। আজ তাঁর বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে। এদিকে বিক্ষোভকারীদের দাবি, তাঁরা সাধারণ নাগরিক। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। তাঁদের অভিযোগ, এত মানুষের নাম ডিলিট হচ্ছে। আতঙ্কে অনেক মানুষ মারা গিয়েছে। তার দায় কে নেবে? এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

সফরের ব্যস্ত সূচি

ফুল বেঞ্চের সঙ্গে এই সফরে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। সোমবার সকাল থেকেই দফায় দফায় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। এরপর রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান (ডিজিপি) এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গেও আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই পাশাপাশি জেলা স্তরের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে ভিডিও কনফারেন্স ও সরাসরি আলোচনার মাধ্যমে বুথ স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *