কুয়েতের সঙ্গে স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু করল সৌদি

Spread the love

কুয়েত ও সৌদি আরবের মধ্যে যাতায়াত আরও সহজ করতে দুই দেশের স্থল সীমান্ত দিয়ে নতুন যাত্রীবাহী বাস সার্ভিস চালু করা হয়েছে। সৌদি পরিবহন কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়েত সীমান্ত ক্রসিং এবং সৌদি আরবের অভ্যন্তরের বিমানবন্দরগুলোর মধ্যে সরাসরি সংযোগ বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় কুয়েতের নুওয়াইসেব সীমান্ত পেরিয়ে সৌদি আরবের খাফজি বর্ডার ক্রসিং হয়ে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একটি বাস রুট চালু করা হয়েছে। অন্যদিকে কুয়েতের সালমি বর্ডার ক্রসিং সীমান্ত থেকে সৌদি আরবের রৌকাই বর্ডার ক্রসিং হয়ে আল কাইসুমা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আরেকটি বাস রুট চালু করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুটি পথে মোট ১২টি নতুন যাত্রীবাহী বাস চলাচল করবে। প্রতিটি রুটে উভয় দিকে প্রতিদিন ছয়টি করে ট্রিপ পরিচালিত হবে, ফলে যাত্রীদের জন্য নিয়মিত এবং নির্ভরযোগ্য পরিবহন সুবিধা নিশ্চিত হবে। এই বাস সার্ভিসের মাধ্যমে কুয়েত থেকে স্থলপথে সৌদি আরবে গিয়ে যাত্রীরা সহজেই দাম্মাম বা হাফার আল-বাতিন অঞ্চলের বিমানবন্দরগুলো থেকে তৃতীয় কোনো দেশে আকাশপথে ভ্রমণ করতে পারবেন।  একইভাবে সৌদি আরব থেকে কুয়েতগামী যাত্রীরাও এই দুটি রুটের যেকোনো একটি ব্যবহার করতে পারবেন।

সৌদি পরিবহন কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের ফলে কুয়েত-সৌদি সীমান্ত ক্রসিং এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি ভ্রমণকারীদের জন্য পরিবহন বিকল্প বাড়বে এবং সীমান্ত পারাপার ও আন্তর্জাতিক যাত্রা আরও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *