খুনের আগে অকথ্য নির্যাতন প্রতিবেশীর! ড্রামে শিশুর দেহ উদ্ধার

Spread the love

৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশে। মঙ্গলবার ওই কিশোরীর দেহ একটি ড্রাম থেকে উদ্ধার হতেই খবরটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় কিশোরীর বছর তিরিশের প্রতিবেশী কুলবর্ধনের দিকেই উঠেছে অভিযোগের আঙুল।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার মদনপল্লে এলাকায়। গত সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে শেষে তার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। এরপর ওই দিন রাত দেড়টা নাগাদ অভিযুক্তের বাড়িতেও যায় পুলিশ। কিন্তু সে সময় জানলা দিয়ে কুলবর্ধনকে ঘুমোতে দেখে চলে যায় পুলিশ। পরের দিন সকালে পুলিশ ফের ফিরে আসে এবং প্রতিবেশীর বাড়ির দরজা ভেঙে ওই কিশোরীর দেহ উদ্ধার করে। অভিযুক্তে এর আগেও অপরাধমূলক কাজকর্ম করার ইতিহাস রয়েছে।

অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই চূড়ান্ত বিক্ষোভ ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারা-সহ অসংখ্য মানুষ জড়ো হয়ে মদনপল্লে-চেন্নাই মহাসড়ক ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে। কুলবর্ধনের গ্রেফতারির দাবি জানায় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ডিআইজি কে প্রবীণ জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এদিকে, শিশুটির ময়নাতদন্ত করতে বাধা দেয় তার পরিবার। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শিশুটির দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জোরদার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *