‘জগতের সকলের মা হয়ে থাকতে চাই, সারদাদেবীর মতো…’

Spread the love

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ জয়া আহসান। তাঁর কর্মজীবন যেমন বর্ণময় তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। একটা সময় বিবাহবন্ধনে আবদ্ধ হলেও, তা সুখের হয়নি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন হয়ে গেল। কিন্তু তাঁর নিজের কোনও সন্তান নেই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন নায়িকা।

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘আমি তো নিজেকে মা-ই মনে করি। হয়তো আমি কাউকে জন্ম দিইনি। কিন্তু আমার সঙ্গে আমার পোষ্যদের যে সম্পর্ক কিংবা আমার বাড়ির গাছেদের, তাতে আমি নিজেকে মা বলেই ভাবি। ওদের সঙ্গে আমি কথা বলি। আমার সঙ্গে সময় না কাটালে গাছেরা মরে যায়, পোষ্যেরা কষ্ট পায়। আমি ওদের কথা বুঝতে পারি। আমার কলকাতার বাড়িতে এলে গাছগুলোর নতুন পাতা গজাতে দেখেছি। ওরা আমাকে দেখলে খুশিতে ঝলমল করে। জন্ম দিতে পারলেই কি সন্তানেরা মায়ের কাছে থাকে? আমি জগতের সকলের মা হয়ে থাকতে চাই, তার মধ্যেই আনন্দ — সারদাদেবীর মতো।’

পাশাপাশি শিশুদের জন্য এই পৃথিবীটা কতটা নিরাপদ সেই প্রসঙ্গেও কথা বলেন জয়া। তিনি বলেন, ‘অসম্ভব অনিরাপদ। আমি চাইলে কিন্তু সন্তান দত্তক নিতে পারি। তার জন্য সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু বাধা একটাই। একটা শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য একটা নিরাপদ জায়গা করে দিতে হবে। কিন্তু মানুষ প্রতিনিয়ত ‘আমি আমি’ করে চলছে।’

প্রসঙ্গত, আগামী ৬ ফেব্রুয়ারি জয়ার ছবি ‘ওসিডি’ বড় পর্দায় মুক্তি পাবে। শৈশবের একটা খারাপ স্মৃতি একটা মানুষের জীবন কীভাবে নষ্ট করে দিতে পারে তা ছবিতে ফুটে উঠবে। এই পুরো গল্প বানানো হয়েছে এমনই একটা শিশুর দৃষ্টিভঙ্গি দিয়ে যে, ছোটবেলায় নির্যাতিত হয়েছে। তবে সেই প্রতিশোধ ছোটবেলায় নিতে সে পারিনি ঠিকই, কিন্তু সেই প্রতিশোধের আগুনে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছে সে।

ছবিতে শ্বেতা নামের চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। এই সিনেমায় জয়া ছাড়া অভিনয় করতে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, অনুসূয়া মজুমদারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *