জ্বালানি ভর্তি জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজের ‘সংঘর্ষ’

Spread the love

দক্ষিণ আমেরিকার উপকূলীয় জলসীমার কাছে সমুদ্রে রিপ্লেনিশমেন্ট-অ্যাট-সি (চলমান অবস্থায় এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি, গোলাবারুদ, খাবার এবং প্রয়োজনীয় সরঞ্জাম স্থানান্তর করার পদ্ধতি) কার্যক্রম চলাকালে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই নাবিক সামান্য আহত হয়েছেন।প্রতিবেদন অনুসারে, বুধবার (১১ ফেব্রুয়ারি) আর্লে বার্ক-শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রক্সটান (ডিডিজি-১০৩) এবং সাপ্লাই-শ্রেণির ফাস্ট কমব্যাট সাপোর্ট শিপ ইউএসএনএস সাপ্লাই (টি-এওই-৬) নিয়মিত জ্বালানি সরবরাহ মহড়া পরিচালনা করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।ইউএস সাউদার্ন কমান্ড নিশ্চিত করেছে যে, এতে দুই নৌসদস্য সামান্য আহত হয়েছেন এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন। দুর্ঘটনার পরও উভয় জাহাজ সচল ছিল এবং নিরাপদে চলাচল করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে, ট্রক্সটান জাহাজটিকে সাপ্লাই জাহাজের সংস্পর্শে আসতে দেখা গেছে। সংঘর্ষের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। তবে এটি ইউএস সাউদার্ন কমান্ডের দায়িত্বাধীন এলাকায় ঘটেছে, যার আওতায় ক্যারিবীয় সাগর, দক্ষিণ আটলান্টিকের কিছু অংশ এবং পার্শ্ববর্তী অঞ্চল অন্তর্ভুক্ত।

মার্কিন নৌবাহিনী এখনও সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নির্ধারণে একটি তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *