ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলো মার্কিন সুপ্রিম কোর্ট

Spread the love

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেয়া রায়ে আদালত বলেছে, জাতীয় জরুরি অবস্থার জন্য তৈরি একটি আইনের আওতায় ট্রাম্প যেভাবে ব্যাপক হারে আমদানি পণ্যে শুল্ক বসিয়েছিলেন, তা আইনসঙ্গত নয়।

সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা প্রয়োগের অন্যতম বিতর্কিত পদক্ষেপটি বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্টের এই রায় আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেয়। রায়ে বলা হয়েছে, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা দেয় না, যার মাধ্যমে তিনি এককভাবে শুল্ক আরোপ করতে পারেন।

বিচারপতি রবার্টস তার পর্যবেক্ষণে বলেছেন, প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট অনুমোদনের প্রমাণ দিতে হবে, যা তিনি পারেননি।

গত বছর দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই শুল্ককে অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করেন ট্রাম্প। বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত কর আরোপের মাধ্যমে তিনি বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের চাপ সৃষ্টি করেন।

চীন, কানাডা ও মেক্সিকোসহ প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প একে ‘লিবারেশন ডে’ ট্যারিফ হিসেবে অভিহিত করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক দেশের বাণিজ্য উত্তেজনা বাড়ে, বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয় এবং বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়ে।

পেন-ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের মতে, এই আইনের অধীনে এ পর্যন্ত ১৭৫ বিলিয়ন ডলারের বেশি শুল্ক সংগ্রহ করেছে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এখন ব্যবসায়ীদের এই বিশাল অংকের অর্থ ফেরত দিতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *