তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল

Spread the love

এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। নিউইয়র্ক সিটিতে ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল ও রাস্তাঘাট।ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শুরু হয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড় নর’ইস্টার। আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত তুষারে প্লাবিত হবে উত্তর পূর্বাঞ্চলসহ কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ। তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস আর উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

তুষারঝড়ে সতর্কতার আওতায় রয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যের কয়েক কোটি মানুষ। ঘণ্টায় ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়ে ভ্রমণ পরিস্থিতিকে প্রায় অসম্ভব বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

উপকূলীয় এলাকাগুলোতে ৬৫ থেকে ৭০ মাইল বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিউ জার্সিসহ ভার্জিনিয়া, ডেলাওয়্যার ও ম্যারিল্যান্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। 

নিউইয়র্ক সিটিতে ৯ বছরে প্রথমবারের মতো জারি হয়েছে তুষারঝড় সতর্কতা। শহরজুড়ে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। জরুরি অবস্থা জারি করে বন্ধ রাখা হয়েছে স্কুল, মহাসড়ক, সেতু। অনুমতি দেয়া হয়েছে কেবল জরুরি যান চলাচলে।

তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলনামূলক কম প্রভাব পড়লেও সরকারি দফতরে বিলম্বিত কার্যক্রম ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে তুষারপাতে সতর্কতা জারি করা হয়েছে চীনের বেইজিংসহ একাধিক অঞ্চলে। তীব্র ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দৃশ্যমানতা কমার পাশাপাশি রাস্তায় বরফ জমে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

এদিকে, দ্বিতীয় দফা তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ রোমানিয়া। তীব্র তুষারে বন্ধ করে দেয়া হয়েছে রাজধানী বুখারেস্টের আশপাশের কয়েকটি সড়ক। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। আর দুই মাসের অস্বাভাবিক তীব্র শীতের পর উষ্ণতার আভাস মিলছে ইউরোপের দেশ পোল্যান্ডে। গলতে শুরু করেছে ভিস্তুলা নদীর বরফ। তবে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *