মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যার অধীনে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর তার শুল্ক বর্তমান ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে। বিনিময়ে নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এবং বাণিজ্য বাধা কমাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি ফোনালাপের পর আমেরিকান নেতা সোশ্যাল মিডিয়ায় এই চুক্তির ঘোষণা দেন। এতে আরও উল্লেখ করা হয়, ভারত এখন যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে।
জবাবে, প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে পেরে দারুন লাগছে। ভারতে তৈরি পণ্যের উপর এখন ১৮ শতাংশ শুল্ক হয়েছে জেনে আনন্দিত। এই দুর্দান্ত ঘোষণার জন্য ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন জনগণের পক্ষ থেকে ট্রাম্পকে অনেক ধন্যবাদ।’
মোদি আরও বলেন, ‘যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসাথে কাজ করে, তখন তা জনগণের উপকার করে এবং পারস্পরিক সহযোগিতার জন্য অপরিমেয় সুযোগ উন্মোচন করে’।
ভারত-মার্কিন চুক্তি অন্যান্য দেশের সাথে কীভাবে পার্থক্য তৈরি করে
নতুন চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথে, ভারত এখন এমন একটি দেশ যা, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং ভিয়েতনামসহ অন্যান্য প্রধান এশিয়ান অর্থনীতির তুলনায় সবচেয়ে কম শুল্কের মখোমুখি দেশগুলোর মধ্যে একটি।
তবে, ভারতের সাথে বাণিজ্যের উপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক তার ইউরোপীয় অংশীদার এবং জাপান এবং দক্ষিণ কোরিয়ার উপর আরোপিত শুল্কের তুলনায় সামান্য বেশি।
উচ্চ শুল্কযুক্ত দেশ
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল (৫০ শতাংশ), মিয়ানমার (৪০ শতাংশ), লাওস (৪০ শতাংশ), চীন (৩৭ শতাংশ) এবং দক্ষিণ আফ্রিকা (৩০ শতাংশ)।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে, উচ্চ শুল্কযুক্ত দেশগুলো হলো ভিয়েতনাম (২০ শতাংশ), বাংলাদেশ (২০ শতাংশ), পাকিস্তান (১৯ শতাংশ), মালয়েশিয়া (১৯ শতাংশ), কম্বোডিয়া (১৯ শতাংশ) এবং থাইল্যান্ড (১৯ শতাংশ)।

কম শুল্কযুক্ত দেশ
যুক্তরাষ্ট্রের সাথে সর্বনিম্ন শুল্ক চুক্তি সম্পন্ন দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য (১০ শতাংশ), ইউরোপীয় ইউনিয়ন (১৫ শতাংশ), সুইজারল্যান্ড (১৫ শতাংশ), জাপান (১৫ শতাংশ) এবং দক্ষিণ কোরিয়া (১৫ শতাংশ)।
ভারত-মার্কিন চুক্তির শর্তাবলী সম্পর্কে আমরা যা জানি
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, রাশিয়ান তেল কেনার কারণে ভারত থেকে সমস্ত আমদানির উপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র, যা ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক হারের উপরে জমা হয়েছিল।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, যার মধ্যে কয়লা, প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য পণ্য রয়েছে, কেনার পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদি অনেক উচ্চ স্তরে আমেরিকান পণ্য কিনতে প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প ভারত সম্পর্কে বলেছেন, তারা একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শুল্ক এবং অ-শুল্ক বাধা শূন্যে নামিয়ে আনতে কাজ করবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে, ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার আগে এবং গত বছর মার্কিন শুল্ক হার দুই অঙ্কে উন্নীত করার আগ পর্যন্ত, ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি ছিল।
কী অস্পষ্ট রয়ে গেছে
ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বার্তায় খুব কম তথ্যই দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কম শুল্কহারের শুরুর তারিখ, রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার ভারতের সময়সীমা, বাণিজ্য বাধা হ্রাস এবং ভারত কোন কোন মার্কিন পণ্য ক্রয়ের প্রতিশ্রুতিবদ্ধ তা জানানো হয়নি।
এদিকে, ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই চুক্তির শর্তাবলী বা এটি কখন কার্যকর হবে সে সম্পর্কে কোনো বিবরণ জারি করেনি। রাশিয়াও ভারতের রাশিয়ান তেল ক্রয় বন্ধ করার বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি।
জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য প্রধান এশীয় বাণিজ্য অংশীদারদের সাথে পূর্ববর্তী বাণিজ্য চুক্তিতে মার্কিন শিল্পে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল, তবে ভারতের ঘোষণায় কোনো নির্দিষ্ট বিনিয়োগের কথা উল্লেখ করা হয়নি।