মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও হার্দিক পাণ্ডিয়া প্রায়ই আলোচনায় থাকেন। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে অগস্ত্যের সঙ্গে হার্দিকের বন্ডিং আরও দৃঢ় হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, অগস্ত্য এবং প্রাক্তন স্ত্রী নাতাশাকে একটি নতুন ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দিয়েছেন হার্দিক। যার বাজারমূল্য শুনলে চমকে যাবেন!
বর্তমানে মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন হার্দিক। প্রেমিকার ২৫তম জন্মদিনে জলের মতো টাকা খরচ করেছেন। সেই নিয়ে কম আলোচনা হয়নি মিডিয়ায়। এবার ছেলের জন্য আস্ত একটা ল্য়ান্ড রোভার কিনে ফেললেন তিনি। যদিও শুধু অগস্ত্য নয়, তাঁর মা-কেও এই উপহার দিয়েছেন হার্দিক। ভারতে এই গাড়ির অন-রোড দাম প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি।
হার্জিক নিজে ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। তাই সশরীরে হাজির না থাকতে পারলেও ছেলের হাত ধরে গাড়ির শোরুমে হাজির ছিলেন নাতাশা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট্ট অগস্ত্য নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে বেশ উত্তেজিত। গাড়ির পেছনের সারিতে দাঁড়িয়ে ছেলের আনন্দ উপভোগ করছেন নাতাশা। শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে নাতাশাকেও একটি বিশেষ হ্যাম্পার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিচ্ছেদের পর অগস্ত্য বর্তমানে তাঁর মা নাতাশার সঙ্গে থাকলেও, হার্দিক নিয়মিত ছেলের সঙ্গে সময় কাটান। অগস্ত্য যখনই বাবার কাছে আসে, হার্দিক তাকে বিশেষ অনুভব করানোর কোনো সুযোগ ছাড়েন না। ভক্তরা হার্দিকের এই উপহার দেখে মন্তব্য করেছেন যে, ক্রিকেটের মাঠের মতো বাবার দায়িত্বেও হার্দিক একজন ‘চ্যাম্পিয়ন’।
শোরুমের পক্ষ থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখা হয়, ‘মিস্টার হার্দিক পাণ্ডিয়া আবারও ডিফেন্ডার কেনার জন্য আমাদের ওপর ভরসা রেখেছেন। এই সম্পর্ক বিশ্বাসের ওপর তৈরি। অগস্ত্য পাণ্ডিয়া এবং মিস স্ট্যানকোভিচকে এটি উপহার দেওয়া হলো।’ এই ঘটনাটি প্রমাণ করে যে, সম্পর্কের সমীকরণ বদলালেও সন্তানের খুশির জন্য হার্দিক এবং নাতাশা আজও একজোট।সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই প্রশংসার বন্যা বইছে। কেউ কেউ লিখেছেন, ‘অগস্ত্য খুব ভাগ্যবান’, আবার কেউ রসিকতা করে বলেছেন, ‘সাড়ে চার বছর বয়সেই ৪ কোটির গাড়ির মালিক!’

হার্দিক পাণ্ডিয়া বরাবরই দামী ঘড়ি এবং বিলাসবহুল গাড়ির শৌখিন। তাঁর সংগ্রহে ল্যাম্বরগিনি থেকে শুরু করে মার্সিডিজ— সব নামী ব্র্যান্ডেরই গাড়ি রয়েছে। এবার সেই গ্যারেজে যুক্ত হলো অগস্ত্যের পছন্দের এই নতুন বাহন।
২০২৪ সালের জুলাই মাসে হার্দিক ও নাতাশা তাঁদের ৪ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। তবে বিচ্ছেদের ঘোষণা করার সময় তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন যে, ছেলে অগস্ত্যই হবে তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু। সেই প্রতিশ্রুতি গত দেড় বছর ধরে পালন করে চলেছেন দুজনে।