পর্যটকদের কলকাতা ফেরাতে বিশেষ বাস শিলিগুড়িতে

Spread the love

আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। পরিসংখ্যান বলছে, গত ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেড়াতে গিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পর্যটকরা। পাহাড়ি পথে বিভিন্ন জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা। শুধু তাই নয়, দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটনস্থলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় দ্রুত পাহাড় ছাড়ছেন পর্যটকরা। অনেকেই কলকাতায় ফিরতে চাইছেন। বিপর্যস্ত উত্তরের রেল পরিষেবাও।

পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ বাস সার্ভিস চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এনবিএসটিসি)। আজ রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে তিনটি স্পেশাল বাস চালানো হবে। যার মধ্যে তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়বে সাড়ে পাঁচটা নাগাদ। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করা যাবে। এছাড়াও বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় আরও একটি করে বাস চালানো হবে বলে জানানো হয়েছে। বাসের টিকিট স্ট্যান্ড থেকেই পাওয়া যাবে। যাত্রীদের কথা মাথায় রেখে প্রয়োজনে শিলিগুড়ি-কলকাতা রুটে আরও বাস চালানো হবে বলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জানানো হয়েছে।

অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে একাধিক লাইনে এখনও পর্যন্ত জল জমে রয়েছে। ফলে একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। অন্যদিকে বেশকিছু ট্রেনের যাত্রাপথ একদিকে যেমন সংক্ষিপ্ত করা হয়েছে, অন্যদিকে সময় পরিবর্তনও করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেনে প্রভাব পড়তে চলেছে –

সময় পরিবর্তন-

১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে ১৮:৩০ মিনিটে ছাড়বে।

যাত্রাপথ সংক্ষিপ্ত- 

১৫৭০৪ বঙ্গাইগাঁও– নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহারে (এনসিবি) নিউ কোচবিহার পর্যন্ত চালানো হবে। নিউ কোচ বিহার-নিউ জলপাইগুড়ি এর মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

ঘুরপথে চালানো হবে যে ট্রেনগুলি-

২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস নিউ কোচবিহার ভায়া মাথাভাঙা দিয়ে ঘুরিয়ে চালানো হবে। এছাড়াও ঘুরপথে চলবে ১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। নিউ কোচবিহার ভায়া মাথাভাঙা হয়েই এই ট্রেনটি চালানো হবে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রেনকেও ঘুরপথে চালানো হবে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *