পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাত জেলায় একটি পুলিশ ভ্যানে ‘সন্ত্রাসী হামলায়’ অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনই পুলিশ সদস্য। মঙ্গলবারের (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় পুলিশ জানায়, শাকারদারা রোডের দুর্গম এলাকায় সন্ত্রাসীরা একটি পুলিশ মোবাইল ভ্যানকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) আসাদ মেহমুদসহ তিন পুলিশ সদস্য নিহত হন।
হামলার সময় ভ্যানটির পাশ দিয়ে যাওয়া দুই বেসামরিক ব্যক্তি আহত হন।
পরে আহত তিন পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায় বলে জানায় পুলিশ। গুলিতে আহত তিন পুলিশ সদস্য ও আরেক বেসামরিক ব্যক্তি এখনও চিকিৎসাধীন।
এছাড়াও, হামলার পর ‘সন্ত্রাসীরা’ পুলিশ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় বলেও জানানো হয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি ‘ফিতনা আল-খাওয়ারিজ’ জঙ্গিদের এই হামলার জন্য দায়ী করেন।
ডিএসপি আসাদ মেহমুদসহ নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সময় তারা সাহসিকতা ও আত্মত্যাগের যে নজির স্থাপন করেছেন, তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।