‘প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটালে তোমাকে কূট-প্রেমিক…’

Spread the love

পর্দার ‘অপরাজিত’ তিনি। তবে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে মাঝেমধ্যেই সমাজের অন্ধকার দিকগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দেন অভিনেতা জীতু কমল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের জটিলতা এবং মানুষের ‘জাজ’ করার মানসিকতা নিয়ে এক দীর্ঘ ও কড়া পোস্ট করলেন অভিনেতা। তাঁর নিশানায় মূলত সেই সব মানুষ, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক জল্পনা তৈরি করতে ভালোবাসেন।

লাইসেন্স বিহীন গাড়ির উপমা:

জীতু তাঁর পোস্টে একটি অদ্ভুত অথচ বাস্তব উদাহরণ টেনেছেন। তিনি লেখেন, যদি কারোর জীবনে স্ত্রী বা প্রেমিকা থাকে, তবে সে অন্য মহিলার সঙ্গে ঘুরলে বা ছবি তুললে সমাজ তাকে খুব একটা বিচার (Judge) করে না। কিন্তু যদি কোনো পুরুষ একা হন বা তাঁর জীবনে কোনো নারী না থাকে, তবেই বিপদ! জীতুর ভাষায়— ‘তার মানে তুমি রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চালাচ্ছ। সেক্ষেত্রে কোনো নারীর সঙ্গে দাঁড়ালেই বা ছবি তুললে তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া হবে।’ আসলে চিরদিনই তুমি যে আমার নায়িকা শিরিন পালের সঙ্গে অফস্ক্রিনেও দারুণ বন্ধুত্ব জীতুর। শিরিনের প্রেমিক জিৎ সুন্দরের সঙ্গেও ভালো সমীকরণ তাঁর। আজকাল তিনজনে প্রায়ই একসঙ্গে সময় কাটান। সেই নিয়ে নানান রটনায় বিদ্ধ নায়ক।

সংকীর্ণ মানসিকতা ও অবৈধ সম্পর্কের তকমা:

অভিনেতার অভিযোগ, বর্তমান সমাজে কোনো একা পুরুষ যদি কোনও বিবাহিত মহিলার সঙ্গে ছবি তোলেন, তবে অবলীলায় তাকে ‘অবৈধ সম্পর্কের’ তকমা দিয়ে দেওয়া হয়। এমনকি কোনো প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটালে সমাজ তাকে ‘কূট-প্রেমিক’ হিসেবে দাগিয়ে দেয়। এই ধরনের চর্চা আর মানসিকতা যে মানুষের জীবন কতটা বিষিয়ে দিতে পারে, সেই প্রশ্নই তুলেছেন তিনি।

জীতু অত্যন্ত আক্ষেপের সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে, এই সংকীর্ণ মানসিকতার কারণেই অনেক মানুষ একাকীত্বের অন্ধকারে তলিয়ে যান। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন— ‘এইভাবে কত মানুষকে একাকীত্বের মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন একবার হিসেব করে দেখবেন। সেই একাকীত্ব থেকে কত মানুষ নিজের সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, সেটা ভেবে দেখবেন।’

কামুকতার ঊর্ধ্বে ওঠার আহ্বান:

নিজের পোস্টের শেষে জীতু সকলকে অনুরোধ করেছেন কামুকতার ঊর্ধ্বে উঠে উদার হতে। এই ‘চার দিনের জীবনে’ মন ও মানসিকতাকে বৃহৎ করার পরামর্শ দিয়েছেন তিনি। মিলেমিশে কথা বলা এবং সুস্থ সম্পর্কের গুরুত্ব বুঝে সমাজকে সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার ডাক দিয়েছেন অভিনেতা।

জীতুর এই পোস্টে নেটিজেনদের একাংশ সহমত পোষণ করেছেন। অনেকের মতে, তারকা হওয়ার কারণে জীতুকেও ব্যক্তিগত জীবনে অনেকবার এই ধরণের ট্রোলের সম্মুখীন হতে হয়েছে, আর সেই অভিজ্ঞতা থেকেই হয়তো এই প্রতিবাদী কলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *