ফেব্রুয়ারিতেই অহনার মেয়ের অন্নপ্রাশন! জানেন কবে?

Spread the love

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। গত বছর মা হয়েছিলেন। দেখতে দেখতে মেয়ে মীরার বয়স ৬মাস হয়ে গিয়েছে। এবার মুখে প্রসাদ দিয়ে অন্নপ্রাশনের পালা। ছোট্ট মীরার অন্নপ্রাশন কবে হবে জানেন? একটি ভিডিয়ো পোস্ট করে জানালেন অহনা দত্ত।অহনা শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে দেখা যায় তাঁদের বাড়ির ছাদে প্যান্ডেল হচ্ছে। তিনি জানান মেয়ের অন্নপ্রাশনের জন্যই এই আয়োজন। তিনি জানান চলতি মাসের ২২ তারিখ তাঁরা মেয়ের মুখে প্রসাদ দেবেন। তবে এদিন ঘরোয়া অনুষ্ঠান হবে। তারপর মার্চ মাসে হবে খাওয়া-দাওয়া সহ বড় অনুষ্ঠান।

ভিডিয়োয় অহনাকে বলতে শোনা যায়, ‘১ মার্চ মাম্মার (মীরার) মুখে প্রসাদের উদযাপন। কিন্তু অন্নপ্রাশনটা হচ্ছে ২২ তারিখ। এদিন সকালে পুজো হবে। তারপর খাওয়া-দাওয়া। সব নিরামিষ খাবার থাকবে। তার সঙ্গে মুখে প্রসাদ দেওয়া হবে। সঙ্গে সব নিয়ম ওদিন পালন করা হবে।’তারপর তিনি তাঁদের ছাদের প্যান্ডেল ঘুরিয়ে দেখান। সাদা আর হলুদ রঙের কাপড় দিয়ে পুরো প্যান্ডেল সাজানো হয়েছে। পাশাপাশি নায়িকা দেখান কোথায় মেয়ের গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে। ভিডিয়োটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘অন্নপ্রাশনের প্যান্ডেল রেডি হচ্ছে।’

প্রসঙ্গত, খুব বেশিদিন হয়নি অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন অহনা দত্ত। শুরুটা হয়েছিল অবশ্য ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে। এরপর সেখান থেকেই সরাসরি অফার পান ‘অনুরাগের ছোঁয়া’-য় কাজ করার। দুঁদে খলনায়িকা ‘মিশকা’ হয়ে দর্শকের মনে জায়গা করে নেন। সাড়ে তিন বছরের আশেপাশে চলে এই ধারাবাহিকটি। আর এই সাড়ে তিন বছরেই নানা পরত এসে জুড়েছে অহনার জীবনে। পেয়েছেন ভালোবাসার মানুষ দীপঙ্কর দে-কে। তাঁদের প্রেম থেকে বিয়ে, এমনকী অহনার প্রেগন্যান্সি ও মীরার জন্ম দেওয়া, সবেরই সাক্ষী ছিল ‘অনুরাগের ছোঁয়া’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *