বঙ্গভূষণ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন পরমব্রত

Spread the love

টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় থেকে পরিচালনা তাঁর ব্যাপ্তি অনেকটাই। তবে কেবল টলিউড না তিনি বি-টাউনেও নানা কাজ করেছেন। তবে বাংলা ইন্ড্রাস্ট্রি নায়কের কাছে ফার্স্ট প্রায়োরিটি, মাঝে মাঝেই তাঁর কথা থেকে এই বক্তব্য স্পষ্ট হয়েছে। সিরিজ থেকে ছবি এবং একসময় ছোটপর্দাতেও দারুণ দারুণ কাজ তিনি তাঁর অনুরাগীদের উপহার দিয়েছেন। আর এবার তিনি পেলেন বঙ্গভূষণ সম্মান। কিন্তু রাজ্যের পক্ষ থেকে এই সম্মান পেয়ে পরম কতখানি আল্পুত এবার তাই ভাগ করে নিলেন।

এক সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন। শুধু তাই নয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান। পরমব্রত বলেন, ‘ভালো লাগছে। বাংলার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। সেটা ২১ ফেব্রুয়ারিতে পেয়ে আরও বেশি ভালো লাগছে। এই পুরস্কার আমার কাছে যে বিশেষ সম্মান, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমি যে আদ্যোপান্ত বিশ্ব নাগরিক, বিশ্বের যে কোনও জায়গায় একই রকম ভাবে স্বচ্ছন্দ, সেটা আমার ঘনিষ্ঠরা সকলেই ভালো জানেন, তবে আমার প্রাথমিক পরিচয় আমি বাঙালি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বঙ্গসম্মান পেয়ে আমি আপ্লুত।’

প্রসঙ্গত, অঞ্জন দত্তের একটি টিভি সিরিজের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন নায়ক। তারপর ‘হেমন্তের পাখি’ নামে একটি ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর মাস মুভি থেকে ভিন্ন ধারার গল্প সব ধরনের ছবিতেই দেখা মেলে নায়কের। পাশাপাশি সিরিজেও কাজ করেন তিনি। তাছাড়াও ‘ফেলুদা’র চরিত্রেও নায়ককে দেখেছেন তাঁর দর্শকরা। তাছাড়াও পরিচালনাতেও তিনি হাত পাকিয়েছেন। ইতিমধ্যেই তাঁর পরিচালিত ছবি ও সিরিজ দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, পরমব্রত ছাড়াও বঙ্গভূষণ সম্মানে ভূষিত হয়েছেন গায়ক মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল, শ্যামচাঁদ বাগদি, মৃণাল কান্তি বিশ্বাস, নাজমুল হক, চন্দন লোমজেল, সমরেশ চৌধুরী, কলেন্দ্র নাথ মান্ডি, বিবেক কুমার। বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র এবং ইমন চক্রবর্তী, বাবুল সুপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *