বাবরির জন্য ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা এসেছে হুমায়ুনের কাছে

Spread the love

গত ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিধায়ক হুমায়ুন কবির। এই আবহে কয়েক লক্ষ ইট এসে পৌঁছেছে বেলডাঙার রেজিনগরে। এদিকে ট্রাঙ্কে ভরে ভরে আর্থিক অনুদানও এসেছে মসজিদ তৈরির জন্য। হুমায়ুন দাবি করেন, তাঁর এই বাবরি মসজিদ তৈরি করতে ৩০০ কোটি টাকা লাগবে। এই আবহে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছেন তিনি?

এদিকে হুমায়ুন কবির দুই দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন। তিনি ব্যক্তিগত ভাবে নিজে কোটিপতি। তৃণমূল, ভারতীয় জনতা পার্টি সহ অনেক দলেই ছিলেন তিনি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের প্রতিবেদনে বলা হয়েছে, হুমায়ুন কবিরের মোট সম্পদ ৩ কোটি ৭ লাখ ৪২ হাজার ৩০০ টাকা। এর মধ্যে ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩০ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। অন্যদিকে, স্থাবর সম্পত্তি ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা। এই পরিসংখ্যানগুলি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ দাখিল করা হলফনামা থেকে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তাঁর হলফনামায় হুমায়ুন জানিয়েছেন, তাঁর কাছে একটি টাটা স্টর্ম সাফারি গাড়ি, ৩ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ৮০ গ্রাম সোনা আছে। এ ছাড়া তাঁর কৃষি জমিও রয়েছে।

এদিকে হুমায়ুন কবীরের বাড়িতে চলছে বাবরি মসজিদ তৈরির জন্য পাওয়া অনুদানের গণনা। হুমায়ুন দাবি করেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য। আরও বহু মানুষ টাকা দিচ্ছেন। এরই মধ্যে ১১টি ট্রাঙ্কে নগদ টাকা এসেছে বাবরি মসজিদ তৈরির জন্য। টাকা গুনছেন ৩০ জন মিলে। এদিকে কিউআর কোড স্ক্যান করে এখনও পর্যন্ত ৯৩ লক্ষ টাকা জমা পড়েছে। জমা পড়া অর্থ কোটির গণ্ডি পার করলেও, মোট কত টাকা জমা পড়েছে, তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *