আজ উত্তরবঙ্গের দুটি জেলার (কোচবিহার এবং আলিপুরদুয়ার) কয়েকটি অংশে ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টি (২০০ মিলিমিটারেরও বেশি) হবে। সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী (৭০-২০০ মিলিমিটার) বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সেইসঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
স্বস্তির বিষয় যে সোমবার থেকে অনেকটাই বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সাতটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারইমধ্যে প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকে আরও বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে মঙ্গলবার মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

তারইমধ্যে উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফেও কন্ট্রোল রুম খোলা করা হচ্ছে। যোগাযোগের নম্বর – 009122143526/009122535185, 918697981070 (টোল ফ্রি নম্বর) এবং 1070 (টোল ফ্রি নম্বর)। তাছাড়াও পর্যটকদের সাহায্যে দার্জিলিং পুলিশের তরফে হটলাইন চালু করা হয়েছে। যাঁদের সহায়তার প্রয়োজন, তাঁরা 9147889078 নম্বরে ফোন করতে পারবেন।