আজকাল হামেশাই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হচ্ছেন সায়ক চক্রবর্তীর ঘনিষ্ঠরা। বিফ কাণ্ডের পর মুখে যাকে বলে কুলুপ এঁটেছেন সায়ক, ভিডিয়ো নেই কোনো। এদিকে, সায়ক-বন্ধু হিসেবে পরিচিত দেবলীনা নন্দী, সুকান্ত-অনন্যারা যখনই কোনো ভিডিয়ো শেয়ার করছেন, তাতে ভরে ভরে কটাক্ষ। সায়ক-অনুরাগীরা ‘স্বার্থপর’, ‘দাগাবাজ’-এর মতো তকমা সাঁটিয়ে দিচ্ছেন নামের সঙ্গে।এবার এই নিয়ে পালটা প্রশ্ন তুললেন সুকান্ত! একটি ভিডিয়ো শেয়ার করে নেন তিনি, যেখানে কটাক্ষকারীদের উলটো আক্রমণ করলেন। প্রশ্ন তুললেন, মাস দুয়েক যদি এখন সায়ক বাড়ি থেকে না বের হন বা কোনো ভিডিয়োতে আসবেন না ঠিক করেন, তাহলে কি সুকান্ত-অনন্যা নিজেদের বিয়েটাও ক্যানসেল করে দেবে?
সুকান্তকে তাঁর ভিডিয়োতে বলতে শোনা গেল, ‘সবার একটাই প্রশ্ন, সায়ক কোথায়। তোমরা যেভাবে আমাকে প্রশ্নটা করছ, সায়ক কোথায়? বিপদের দিনে বন্ধুকে ছেড়ে দিলে, ওকে ব্যাকস্ট্যাব করলে, ওকে বয়কট করলে… আচ্ছা আপনারা বলুন তো আমার অনন্যার কোনো ডেট থাকলে, সেখানেও সায়ক থাকত? আমি আর অনন্যা নিজেদের পরিবার নিয়ে পার্লারে গেলাম, সেখানেও সায়ক থাকত? তোমরা এই যে, সব ভিডিয়োতে এসে সায়ক কোথায়, সায়ক কোথায় করছ, ধরে নাও সায়ক ২ মাস কোনো ভিডিয়ো বানাবে না, বা আমাদের ভিডিয়োতে ও অ্যাপিয়ারেন্স দেবে না। তাহলে আমরা ভিডিয়ো বানাব না?’সুকান্ত আরও বলেন, ‘আমার বিয়ের তো আর ১ মাসও নেই। ও যদি চুজ করে পাবলিক অ্যাপিয়ারেন্স দেবে না বা বাড়ির বাইরে বেরবে না, আমার কি উচিত ওকে জোর করে টেনে আনা, নাকি ওর ইচ্ছেকে প্রাধান্য দেওয়া। নাকি আপনাদের খুশি করার জন্য আমি বিয়েটাই ক্যানসেল করে দেব।’
‘যখন সময় আসবে ও (সায়ক) নিশ্চয়ই ফিরে আসবে, তখন আপনারা ওকে দেখতে পারবেন। ও তো কোথাও পোস্ট করেনি যে, আমি আর ভিডিয়ো করব না, বা কারও ভিডিয়োতে আসব না। একটু অপেক্ষা করুন।’, আরও বলতে শোনা গেল সুকান্তকে।

৯ মার্চ গাঁটছড়া বাঁধবেন সুকান্ত ও অনন্যা। বেশ জমকালো অনুষ্ঠানই হতে চলেছে। এতদিন সায়কের ভিডিয়োতে বারংবার এসেছে সায়ক-অনন্যার বিয়ের প্রসঙ্গ। এখন দেখার, সত্যিই কি সায়ক সুকান্ত-অনন্যার বিয়েতে আসেন! নাকি বন্ধুত্বে পড়েছে সত্যিইকারের ছেদ।