বিয়ের সারলেন অনুজয়! জানেন পাত্রী দেবারতি কী করেন?

Spread the love

টলিপাড়ায় ফের বিয়ের সানাই। নতুন বছর পড়তে না পড়তেই মধুমিতা সরকার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিছুদিন আগেই অদ্রিজা রায়ের বাগদান ও আংটি বদলের ছবি সামনে এসেছিল। তাছাড়াও ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলি। আর এবার বিয়ের পিঁড়িতে বসলেন অনুজয় চট্টোপাধ্যায়।

জানুয়ারির শেষদিন অর্থাৎ ৩১ তারিখ শনিবার অনুজয় চট্টোপাধ্যায় প্রেমিকা দেবারতি চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সারেন। এদিন সিঁদুরদানও হয়। মঞ্চের বন্ধুদের নিয়ে রাতে খাওয়া দাওয়ারও আয়োজন করেন।অনুজয় মঞ্চ থেকে সিনেমা, সিরিজ সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে দেবারতিও একজন মঞ্চাভিনেতা। মঞ্চে অভিনয় করতে গিয়েই প্রেম শুরু অনুজয়-দেবারতিকে। পাশাপাশি, দেবারতি পারফর্মিং আর্ট নিয়ে শিক্ষকতা করেন প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে।

শনিবার সকালে সাদা পাঞ্জাবি ও পাজামায় ধরা দিয়েছিলেন অনুজয়। দেবারতির পরনে ছিল সোনালি রঙের শাড়ি ও মানানসই ব্লাউজ। খোলা চুলে একটি গোলাপি রঙের গোলাপ আর ছোট্ট টিপে ভারী মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। গলায় হালকা নেকলেস ও কানে দুলও পরেছিলেন তিনি। এদিন সকালের ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে অনুজয় ক্যাপশনে লেখেন, ‘সন্ধের ছবি এখনও পাইনি, তাই সকালের ছবি দিয়েই বলে যাই। আমি আর দেবারতি।’

এরপর শনিবার রাতে কনের বেশে ধরা দেন দেবারতি। তিনি লাল শাড়ি, গলায় সোনার হাঁসুলি, ঝোলা লম্বা চেন ও ঝুমকো কানের দুলে সেজে উঠেছিলেন। কপালে ছিল ছোট্ট টিপ। আর তাঁর সিঁথি ভরে উঠে ছিল লাল টকটকে সিঁদুরে। অন্যদিকে, অনুজয়ের পরনে ছিল অফ হোয়াইট রঙের ধুতি ও পাঞ্জাবি। এক কাঁধে লাল রঙের শাল নিয়েছিলেন তিনি।

হলুদ গাঁদা, রজনীগন্ধা আর টুনি আলোয় সেজে উঠেছিল তাঁদের বিয়ের আসর। তাঁদের বিয়েতে ইন্ড্রাস্ট্রির অনেকেই হাজির ছিলেন। দেখা মিলেছিল অরিজিতা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য। তাছাড়াও অভিনেত্রী স্ত্রী সোহিনী সরকারকে নিয়ে এসেছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ও। আভেরী এদিন সন্ধ্যার নানা ছবি সমাজ মাধ্যমে শেয়ারও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *