২৩ ফেব্রুয়ারি লন্ডনে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়, যেখানে বলিউড থেকে হলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আলিয়া ভাট থেকে শুরু করে ফারহান আখতার, উপস্থিত ছিলেন একাধিক উজ্জ্বল তারকা।
এই অনুষ্ঠানেই পুরস্কৃত হয় ফারহান আখতার প্রযোজিত ছবি ‘বুং’। আতিশয্য বিহীন এই ছবির সাফল্যে খুশি গোটা বলিউড। ফারহানের এই সাফল্যে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি X হ্যান্ডেলে গোটা টিমকে শুভেচ্ছা বার্তা জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাফটার মঞ্চে মণিপুরী ছবি বুং-এর সাফল্যে আমি অভিভূত। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বেস্ট চিলড্রেন এন্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে এই পুরস্কার জয়। এই প্রথমবার কোনও ভারতীয় ছবি এই বিভাগে পুরস্কার জয় করল। গোটা টিমকে আমার তরফ থেকে অভিনন্দন। আপনারা গোটা বিশ্বকে গর্বিত করেছেন।’
শুভেচ্ছা বার্তা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, ‘এই সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন। এটা সত্যি এক অপরিসীম আনন্দের মুহূর্ত বিশেষ করে মণিপুরের জন্য। এই সিনেমা বিশ্ব মঞ্চে আমাদের দেশের অসাধারণ সৃজনশীল প্রতিভাকেও তুলে ধরল।’
প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। এই বিভাগে মেগা বাজেটের তিনটি ছবিকে পেছনে ফেলে দিয়ে জয়ের হাসি হেসেছেন লক্ষীপ্রিয়া-ফারহান। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক ফারহান আখতার, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং রিতেশ সিধওয়ানি।
এই গল্পটি মণিপুরের একটি প্রত্যন্ত গ্রামের খুদে এক বাসিন্দাকে নিয়ে তৈরি করা হয়। ছোট্ট বুং মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরিকল্পনা করে। জন্মদিনে মাকে সে দিতে চায় হারিয়ে যাওয়া বাবাকে। বাবাকে বাড়িতে ফিরিয়ে এনে গোটা পরিবারকে একসঙ্গে করার ইচ্ছা খুদের। ছোট্ট বুং-এর সেই স্বপ্ন কীভাবে পূরণ হবে তা নিয়েই গোটা ছবির গল্প।

এই দিন পুরস্কার হাতে নিয়ে পরিচালক লক্ষ্মীপ্রিয়া বলেন, ‘এই মঞ্চে দাঁড়িয়ে আমি মণিপুরে শান্তি ফেরার প্রার্থনা জানাচ্ছি। ছোট ছোট শিশুরা যাতে আবার তাদের সহজ সরল শৈশব ফিরে পায়, যাতে সকলের স্বপ্ন পূরণ হয় সেই প্রার্থনা করি। আমি এই মঞ্চকে অনেক ধন্যবাদ জানাই, এই স্বীকৃতি আমাদের কাছে পুরস্কারের থেকেও অনেক বেশি আশার আলো।’