ব্রাত্য বাংলা! ৬ রাজ্যে SIR-র সময়সীমা বৃদ্ধি কমিশনের! কী জানাল কমিশন?

Spread the love

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে কেন তাড়াহুড়ো করে বাংলায় এসআইআর হচ্ছে, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এরমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বের (এসআইআর) সময়সীমা বাড়ানো হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল নানা মহলে। বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। দিন শেষ হওয়ার আগেই পাঁচ রাজ্য-সহ এক কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকায় নাম নেই বাংলার। অর্থাৎ এ রাজ্যে ফর্ম জমা দেওয়া যাবে শেষ আজই।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরের জন্য রিভাইজড শিডিউল ঘোষণা করা হয়েছে। এই সংশোধিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট রাজ্যগুলিতে বিশেষ নিবিড় সংশোধন পর্ব এক সপ্তাহ বেশি চলবে। আর বাংলা-সহ দেশের অন্যান্য জায়গায় পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমার সময়সীমা শেষ হচ্ছে। তামিলনাড়ু এবং গুজরাটে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বেড়ে দাঁড়িয়ে হয়েছে ১৪ ডিসেম্বর। সেখানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবরে ১৮ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয়েছে। তামিলনাড়ু এবং গুজরাটে আগামী ১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে ২৩ ডিসেম্বর বেরবে তালিকা। উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর।

কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করে ১৮ ডিসেম্বর করা হয়েছিল। তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর। কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশোধিত সূচি তৎক্ষণাৎ কার্যকর হবে এবং রাজ্য নির্বাচন দফতরগুলি পরবর্তী পদক্ষেপ শুরু করে দিয়েছে। এর পাশাপাশি কমিশন জানায়, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পুনর্বিবেচনার কাজ আরও ভালভাবে শেষ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *