কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত ছবি ও রোমিও। এই মুহূর্তে এই সিনেমা নিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন শাহিদ, যদিও সিনেমার গল্প নিয়ে ইতিমধ্যেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন নির্মাতা থেকে কলাকুশলী সকলে। কিন্তু আসন্ন ছবি নিয়ে যেখানে আনন্দে থাকা উচিত সেখানে কেন নিরানন্দে রয়েছেন অভিনেতা?
সম্প্রতি ও রোমিও প্রচারের জন্য একটি পডকাস্ট চলাকালীন অভিনেতা বলেন, বর্তমানে বলিউডে আর সেইভাবে সিনেমা তৈরি হচ্ছে না। উল্টে মার্কেটিংয়ের কারণে ক্ষতি হয়ে যাচ্ছে ছবি আর ইন্ডাস্ট্রির। এখন কৃত্রিম জনসংযোগ তৈরি হয়েছে যার ফলে দর্শকদের থেকে অকৃত্রিম রিয়াকশন পাওয়া যায় না।শাহিদ আরও বলেন, যখন হল ভর্তি ঘরে মানুষ হাততালি দেয়, সিটি বাজায়, শিল্পীদের কাজের প্রশংসা করে তার গুরুত্বই আলাদা হয়। এইজন্যই শিল্প এত আলাদা সকলের থেকে। কিন্তু মেকি ব্যাপারটা এসে আর আগের মত কিছুই নেই। মার্কেটিং করতে গিয়ে এই অকৃত্রিম ব্যাপার কোথায় হারিয়ে গিয়েছে।
শাহিদ আরও বলেন, একদিকে যেমন মানুষ ধৈর্য হারাচ্ছেন তেমন নির্মাতারাও সিনেমায় ফোকাস করতে পারছে না। নির্মাতারা অনেক কিছু বিষয়ে কম্প্রোমাইজ করে ফেলছেন, যার ফলে ছবির মান কমে যাচ্ছে। দর্শকরা ছবি দেখতে চাইছে না তা কিন্তু নয় কিন্তু বলিউডে আর তেমন ভালো ছবি তৈরি হচ্ছে না।

প্রসঙ্গত, আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ও রোমিও। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিওয়াদওয়ালা। শাহিদ ছাড়া এই ছবিতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি, নানা পাটেকর।