মনস্তাত্ত্বিক রহস্যের গল্পে এবার জুটি বাঁধবেন ঋতব্রত-প্রিয়াঙ্কা!

Spread the love

মনস্তাত্ত্বিক রহস্যের গল্প নিয়ে পরিচালক দীপ মোদকের নতুন শর্ট ফিল্ম ‘সব চরিত্ররা’ আসছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং দেবরাজ ভট্টাচার্যকে। ছবিটি মুক্তি পেতে চলেছে রিলায়েন্স এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে।

মানুষের অবচেতন মন, অদৃশ্য অস্থিরতা এবং ভেতরে লুকিয়ে থাকা বহুস্বরের অনুসন্ধান এই তিন স্তম্ভকে ঘিরেই নির্মিত হয়েছে ছবির কাহিনি। গল্পের কেন্দ্রে রয়েছেন এক সংগ্রামী তরুণ অভিনেতা যে সাফল্যের আশায় পরিচালকের কাছে সুযোগ চান এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি পেয়ে নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। একাকী অনুশীলন, উচ্চাকাঙ্ক্ষা ও অনিশ্চয়তার চাপে তাঁর মানসিক অবস্থায় সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ে। ঠিক সেই সময়ে তাঁর জীবনে আসে এক রহস্যময় সহবাসী, যার উপস্থিতি ক্রমশ তৈরি করে সন্দেহ ও অস্বস্তির আবহ।

প্রেমিকার আগমন সেই সম্পর্কের সমীকরণকে আরও জটিল করে তোলে এবং কিছু অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত গল্পকে নিয়ে যায় গভীর মানসিক স্তরের দিকে, যেখানে বাস্তবতা ও কল্পনার সীমা ক্রমে অস্পষ্ট হয়ে ওঠে।

পরিচালক দীপ মোদক এই প্রসঙ্গে বলেছেন, ‘আমরা প্রত্যেকে নিজের ভেতরে একাধিক চরিত্র বহন করি। প্রত্যাশা ও প্রাপ্তির ফাঁকে যে চাপ তৈরি হয়, তা কখনও কখনও মানুষের চেতনাকে বদলে দেয়। সেই সূক্ষ্ম মুহূর্তগুলিকেই আমি এই ছবিতে ধরতে চেয়েছি।’

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত। তিনি এই ছবি প্রসঙ্গে বলেন, ‘চরিত্রটির জটিল মনস্তত্ত্ব অনুধাবন করা ছিল আমার কাছে বড় চ্যালেঞ্জ, তবে সেই চ্যালেঞ্জই আমাকে অভিনয়ের গভীরে পৌঁছে দিয়েছে।’

অন্যদিকে, বনি সেন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। তিনি বলেন, ‘গল্পের অপ্রত্যাশিত মোড় দর্শকদের ভাবিয়ে তুলবে।’ ছবিতে ‘ঋত্বিক দাশগুপ্ত’র চরিত্রে দেখা যাবে দেবরাজকে। তিনি বলেন, ‘চরিত্রগুলির পারস্পরিক সংঘাত ও মনস্তাত্ত্বিক স্তর বিন্যাসই ছবির প্রধান আকর্ষণ। সংযত নির্মাণশৈলী, নিবিড় আবহ এবং মানসিক টানাপোড়েনের সূক্ষ্ম উপস্থাপনায় ‘সব চরিত্ররা’ মুক্তির পর দর্শকদের সামনে এক গভীর প্রশ্ন তুলে ধরবে—মানুষের মনের ভেতরে যে চরিত্রগুলি বাস করে, তাদের মধ্যে কোনটি সত্য?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *