যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের কাছে শটগান হাতে দৌড়ে যাওয়ার সময় ১৮ বছর বয়সি এক যুবককে আটক করেছে পুলিশ।স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ওই যুবক নিজের গাড়ি থেকে নেমে ক্যাপিটল ভবনের এক ব্লক দূর থেকে ভবনের দিকে দৌড়াতে শুরু করে।
পুলিশ সদস্যরা তাকে থামতে ও অস্ত্র ফেলতে নির্দেশ দেন। তিনি নির্দেশ মেনে শটগান মাটিতে রেখে শুয়ে পড়েন। পরে তাকে হেফাজতে নেয়া হয়।
ক্যাপিটল পুলিশের প্রধান মাইকেল সুলিভান জানান, শটগানটি গুলিভরা করা ছিল। ওই যুবকের গায়ে ট্যাকটিক্যাল ভেস্ট ও গ্লাভস ছিল এবং তার কাছে অতিরিক্ত গুলিও পাওয়া গেছে।
এছাড়া গাড়ির ভেতরে একটি কেভলার হেলমেট ও গ্যাস মাস্কও ছিল বলে জানানো হয়। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, আটক ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন এবং আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন না। তিনি যে সাদা মার্সিডিজ এসইউভি গাড়িতে এসেছিলেন, সেটিও তার নামে নিবন্ধিত ছিল না।

ঘটনার পরপরই ক্যাপিটল এলাকার আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কগুলো আবার খুলে দেয়া হয়।পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। আসন্ন ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে হুমকির সংখ্যা বেড়েছে। গত বছর প্রায় ১৫ হাজার হুমকি সংক্রান্ত মামলা খোলা হয়, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।