রণতরীর দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন গুলিতে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

Spread the love

একটি ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন সামরিক মুখপাত্র এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী জাহাজের কাছে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে আসার সময় ইরানি ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিবিসির খবরে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজ থেকে উড্ডয়নকারী একটি এফ-৩৫সি স্টিলথ ফাইটার জেট বিমানবাহী রণতরী এবং এর কর্মীদের সুরক্ষার জন্য ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

যখন ড্রোনটি জাহাজের দিকে এগিয়ে আসে, তখন জাহাজটি ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে ছিল। এর উদ্দেশ্যে ‘অস্পষ্ট’ ছিল বলেও জানানো হয়।

এতে কোনো মার্কিন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো সেনা সদস্যও আহত হয়নি।


এর আগে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা চরমে থাকায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এর মধ্যে এই ঘটনা ঘটল।


মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি চুক্তিতে আলোচনা না করলে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেন।


এর আগে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের দমন-পীড়ন চালানোর প্রতিবাদেও সামরিক হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।


এদিকে, ইরানি ড্রোন ভূপাতিত করার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে বলেন যে, এই সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সময়সূচী এখনও নির্ধারিত রয়েছে।

তিনি বলেন, ট্রাম্প সর্বদা আগে কূটনীতির পথে চলার চেষ্টা করেন। এ বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি আরও বলেন যে, তার কাছে  বিভিন্ন বিকল্পও রয়েছে, যদি চুক্তির জন্য আলোচনা না সামনে যায় তাহলে সামরিক শক্তির ব্যবহারও করতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *