২০২৬ সালে দেব-শুভশ্রী জুটি ফিরতে চলেছে বড়পর্দায়, দুই প্রাক্তনকে আবার সিনেমার পর্দায় একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল। প্রাক্তন জুটির কথা বললে মনে পড়ে যায় রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর কথা।রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করেছিলেন মিমি, তারপর দীর্ঘ সময় কেটে গেলেও রাজের ছবির নায়িকা হিসেবে আর দেখা যায়নি অভিনেত্রীকে। অনেকেই ব্যক্তিগত সমস্যাকেই কারণ হিসেবে দেখেন কিন্তু যেখানে অনেকেই পুরনো তিক্ততা ভুলে নতুন করে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন, সেখানে কি রাজ চক্রবর্তীর ছবিতে কি মিমি চক্রবর্তীর অভিনয় করার সুযোগ রয়েছে?
সম্প্রতি টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দেন স্বয়ং রাজ চক্রবর্তী নিজেই। মিমির অভিনয় নিয়ে প্রশ্ন উঠতেই রাজ বলেন, ‘মিমিকে নিয়ে ছবি তৈরি করা যেতেই পারে। আমি তো কখনও বলিনি যে মিমির সাথে কাজ করব না। তেমন যদি চিত্রনাট্য আমি বানাতে পারি অবশ্যই মিমিকে গিয়ে বলব, তবে ও রাজি হবে কিনা সেটাও একটা ব্যাপার কারণ ওর একটা ব্যক্তিগত মতামত রয়েছে। ও কী করবে ও ছাড়া কেউ বলতে পারবে না।’
শুভশ্রী মিমি জুটি নিয়ে কথা বলতে গিয়ে রাজ বলেন, ‘অনেকেই বলছেন শুভশ্রী মিমিকে এক ছবিতে অভিনয় করার কথা। আমিও এই কথাটা ভেবেছিলাম কিন্তু এখন সবার মুখে এই কথাটা শুনে আপাতত আমি ভাবি না। পরে আবার নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে ভাবব। তবে ওকে নিয়ে ছবি করবো না এমন ব্যাপার কিন্তু নেই।’

সবশেষে পরিচালক বলেন, ‘আমরা সবাই সবার বন্ধু। এই ইন্ডাস্ট্রি খুব ছোট একটা জায়গা। আমরা সবাই কোনও না কোনও খারাপ সময় বা ভালো সময়ের বন্ধু ছিলাম আছি, থাকব। বাইরে যাই হয়ে যাক না কেন আমরা সবাই সবার ভালো চাই।’
প্রসঙ্গত, এই মুহূর্তে বড় পর্দায় রাজ চক্রবর্তী অভিনীত ছবি ‘হোক কলরব’ চলছে রমরমিয়ে। ছবিটির প্রযোজনা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপরেই আবার আগামী প্রজেক্টর জন্য ব্যস্ত হয়ে পড়বেন রাজ, সেই ছবিতে মিমি অভিনয় করবেন কিনা বা সুযোগ পাবেন কিনা সেটা সময় বলতে পারবে।