রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে একজন কার্যকর নেতা হিসেবে প্রশংসা করেছেন যিনি শান্তির জন্য কাজ করছেন।
কিন্তু একইসঙ্গে ট্রাম্পের পারমাণবিক সাবমেরিনের হুমকি নিয়েও প্রশ্ন তুলেছেন, যা ট্রাম্প বলেছিলেন রাশিয়ার উপকূলে পাঠানো হয়েছে।
ট্রাম্প, যিনি একজন শান্তি প্রতিষ্ঠাকারী প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় হতে চান, বারবার বলেছেন যে, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে। এই সপ্তাহে আবুধাবিতে মার্কিন-রাশিয়ান-ইউক্রেনীয় আলোচনার একটি নতুন দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, ট্রাম্প রাশিয়ার জন্য ইতিবাচক নাকি নেতিবাচক, জানতে চাইলে মেদভেদেভ বলেন, আমেরিকান জনগণ ট্রাম্পকে বেছে নিয়েছে এবং মস্কো সেই সিদ্ধান্তকে সম্মান করে।
মেদভেদেভ মার্কিন প্রতিনিধিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ট্রাম্পের সাহসের প্রশংসা করেন এবং বলেন যে, ট্রাম্পের স্টাইল মাঝে মাঝে খুব ভালো কাজ করে।
‘তিনি একজন আবেগপ্রবণ ব্যক্তি, অন্যদিকে যে বিশৃঙ্খলার কথা সাধারণত বলা হয়, যা শুধু যে ট্রাম্পের কারণে সবসময় তৈরি হয়, তা নয়।’ তিনি রয়টার্স, তাস এবং ওয়ারগনজো রাশিয়ান যুদ্ধ ব্লগারকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন।
এর আগে ‘যুদ্ধের ঝুঁকি’ সম্পর্কে মেদভেদেভ একটি মন্তব্য করেছিলেন যাকে ট্রাম্প অত্যন্ত উস্কানিমূলক বলে অভিযোগ করেন। জবাবে ট্রাম্প আগস্টে বলেছিলেন, তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি যাওয়ার নির্দেশ দিয়েছেন।
‘আমরা এখনও তাদের (সাবমেরিনগুলো) খুঁজে পাইনি।’ মেদভেদেভ মার্কিন সাবমেরিন সম্পর্কে বলেন।
২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর, মেদভেদেভ বারবার কিয়েভ এবং পশ্চিমা শক্তিগুলোর প্রতি তীব্র সমালোচনা করেছেন এবং যুদ্ধের ফলে পারমাণবিক বিপর্যয়ের দিকে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে কিন্তু এখনও পর্যন্ত পূর্ব ডনবাস অঞ্চলের পুরো অংশ দখল করতে পারেনি, যেখানে যুদ্ধের ওপেন-সোর্স মানচিত্র অনুসারে, ইউক্রেনীয় বাহিনী প্রায় ১০ শতাংশ বা ৫,০০০ বর্গকিলোমিটার (১,৯০০ বর্গমাইল) দখল করে আছে।
মেদভেদেভ, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।