পুজো-উৎসব শেষ হতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের ডোমকল। একাদশীর দিন বাড়িতে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন এক গৃহবধূ। মৃতার নাম ছিদ্দাতন খাতুন (৩৭)। শুক্রবার দুপুরে বাড়ির ভেতরে রাখা প্লাস্টিকের ড্রামে হাত দিতেই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, ছিদ্দাতন খাতুনের স্বামী গফুর মণ্ডল বাড়ির পিছনের একটি ঘরে রেশমের পলুর সরঞ্জামের সঙ্গে মজুত রেখেছিলেন বোমা। কিছু না বুঝেই স্ত্রী ওই ঘরের জিনিস সরাতে গিয়ে বিপদে পড়েন। অভিযোগ, বিস্ফোরণের পর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে উল্টে পাশের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়। আরও অভিযোগ, ঘটনার প্রমাণ মুছে ফেলতে তড়িঘড়ি সবকিছু ‘স্বাভাবিক’ করার চেষ্টা চালায় গফুর ও তাঁর ঘনিষ্ঠরা। কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণের ঘটনায় গফুর মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তাঁর নামে এর আগেও নানা অপরাধমূলক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গফুরের প্রথম পক্ষের ছেলেও স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে জমি কেনাবেচার ব্যবসায় জড়িত। নদিয়া জেলায় জমি নিয়ে বড়সড় বিরোধ চলছিল সম্প্রতি। সেখানকার থানায় তাঁদের বিরুদ্ধে মারামারি ও বোমাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতার বউমা সাবিনা বিবি অভিযোগ করে বলেন, কেউ লুকিয়ে গোবরের বালতিতে বোমা রেখে গিয়েছিল। আর সেটাই ফেটে শাশুড়ির মৃত্যু হয়েছে। তবে পুলিশ এখনও বিষয়টি নিয়ে নিশ্চিত নয়।

ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, মৃতার স্বামীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে বাড়িতে বোমা মজুত হল, কারা এর সঙ্গে যুক্ত সবদিকেই তদন্ত চলছে। এই ঘটনার পর থেকেই ডোমকলের পোড়াডাঙ্গা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।