ওসিডি এই কথাটির অর্থ অবসেসিভ কম্পালশান ডিজঅর্ডার। এই রোগটি বহু কারণে হতে পারে একজন মানুষের মধ্যে। কোনও কিছু অবিন্যস্ত অবস্থায় দেখলেই সেটি সঙ্গে সঙ্গে সঠিক করে দেওয়ার যে প্রবণতা, সেটাই মূলত এই ওসিডির মধ্যেই পড়ে। তবে এই রোগকে সিনেমার আকারে আনতে চলেছেন জয়া আহসান।
আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে জয়া অভিনীত OCD। এই পরিছন্নতার রোগের মধ্যেই তিনি সযত্নে লালন করে রেখেছিলেন এমন এক মানুষকে, যে ছোটবেলায় হাওয়ায় একটি অন্যায়ের প্রতিবাদ করবে নীরবে। কিন্তু বাস্তব জীবনে কি আদৌ OCD রয়েছে জয়ার? পরিছন্নতা নিয়ে তিনি কতটা চিন্তা করেন?
সম্প্রতি টলি অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জয়াকে এই প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি ভীষণ পরিচ্ছন্নতা পছন্দ করি। আমার মাঝেমধ্যেই মনে হয় সামনের টেবিলে জিনিসটা কেন ব্যাকা হয়ে রয়েছে, আমি কেন ঠিক করছি না। আবার কথা বলতে বলতে মনে হয় দেওয়ালে ছবিটা বেঁকে রয়েছে, আমি তাহলে ঠিক করে দিই।’
জয়া আরও বলেন, ‘কোনও চরিত্রে যদি আমি ভালো করে অভিনয় না করতে পারি সেক্ষেত্রেও আমার মন খুঁতখুঁত করে। পরিচালককে বারবার বিরক্ত করতে থাকি। যতক্ষণ না সেটা ভালো হয় ততক্ষণ আমার মন খারাপ হয়ে থাকে এটাও একটা OCD।’
ব্যক্তিগত জীবনে এই পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেক সময় অনেক রকম মজার ঘটনাও ঘটে যায় জয়ার জীবনে। তেমন একটি ঘটনার কথা শেয়ার করতে গিয়ে জয়া বলেন, ‘এমনও হয়েছে একজনের বাড়িতে গিয়েছি দেওয়ালে টাঙানো ছবি হয়তো একটু নড়ে গিয়েছে। আমি কথার মাঝে উঠে সেটা ঠিক করি। মানুষ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ভাবে হয়তো আমি পাগল।’

প্রসঙ্গত, এই সিনেমায় জয়া ছাড়া অভিনয় করতে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, অনুসূয়া মজুমদারকে। এই সিনেমার হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছে ভুতু ওরফে আর্শিয়া মুখোপাধ্যায়। আর্শিয়া জয়ার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন।