দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী এবং সঞ্চালক ভারতী সিং। দ্বিতীয়বার মাতৃত্বকালীন সময় উদ্যাপন করছেন তিনি। তবে সুন্দর এ মুহূর্তের সঙ্গে শঙ্কাও কাজ করছে এ তারকার।
২য় সন্তান আসার মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছেন ভারতী। সামাজিক যোগাযোগ হ্যান্ডেলে সে ফটোশুটের মুহূর্ত আপলোডও করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, আকাশী রংয়ের গাউনের সঙ্গে আকাশী রংয়ের রেশমী জর্জেটের ওড়নায় শুভ্র সাদার ফুলের পোশাকে সুন্দর একটি পোজ দিয়েছেন ভারতী। তার ব্যাকগ্রাউন্ডে পূর্ণ চাঁদ।
মাতৃত্বকালীন এ ফটোশুটের ছবি আপলোড করার পরই প্রশংসায় ভাসছেন এ তারকা। অনেকে তাকে জানাচ্ছেন নতুন দিনের শুভ কামনা।
তবে ভারতী ভক্তরা একটু উদ্বেগেই রয়েছেন। গত দুই সপ্তাহে রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে ভারতীর। যা নিয়ে চিন্তায় রয়েছেন ভারতী নিজে ও তার চিকিৎসকরা।
উচ্চ-কার্ব খাবার এড়ানো সত্ত্বেও রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও ডায়েটেশিয়ানের নিবিড় পর্যবেক্ষণেও রয়েছেন তিনি। খুব শিগগিরই দ্বিতীয় সন্তান আসার তারিখ ঘনিয়ে আসায় সাবধানতা মেনে চলছে ভারতীর পরিবার।

কমেডিয়ান ভারতী সিং ভালোবেসে বিয়ে করেন চিত্রনাট্যকার, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়াকে। ২০১৭ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন।
তাদের প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয় ২০২২ সালের এপ্রিল মাসে। প্রথম সন্তানের তিন বছর পর এবার সংসারে আসছে দ্বিতীয় সন্তান। এবার একটা মেয়ে সন্তানের শখ কমেডি কুইনের।