শিক্ষাঙ্গনে ভিতরে ঢুকে বিজেপি বিধায়কের হম্বিতম্বি! অভিযোগ, স্কুলে বিনা অনুমতিতে ঢুকে ক্লাসরুমে শিক্ষকের সঙ্গে বচসা। আর তাতে বিতর্কের রেশ কিছুতেই কাটছে না। এবার সেই স্কুলের শিক্ষকের উদ্দেশেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন বিজেপির মণ্ডল সভাপতি। আর সেই পোস্টের প্রতিবাদে ফের রাস্তায় নামল শাসকদল তৃণমূল কংগ্রেস।
ঘটনার সূত্রপাত
গত মঙ্গলবার অন্যান্য দিনের মতোই বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি হাইস্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হলঘরে ক্লাস এইটের বাংলার ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। আচমকাই অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ক্লাসরুমে প্রবেশ করেই স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়াদের সামনেই শিক্ষকের উপর হম্বিতম্বি করেন বিধায়ক। সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। বিধায়কের এই আচরণের প্রতিবাদে ইন্দাস-সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের শিক্ষক সংগঠন রাস্তায় নেমে মিছিল ও সভা করে। অন্যদিকে, স্কুলের ক্লাসরুমে পড়ুয়াদের সামনে বিধায়ক তাঁর সঙ্গে এমন আচরণ করায় চূড়ান্ত অপমানিত শিক্ষক গোলোকবিহারী বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য অনুমতি না নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ায় নিজের ভুল স্বীকার করেন বিধায়ক।
বিজেপির মণ্ডল সভাপতির পোস্ট ও প্রতিক্রিয়া
ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলে বিনা অনুমতিতে ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনে শিক্ষকের উপর বিধায়কের হম্বিতম্বির ঘটনায় বিতর্কের রেশ কিছুতেই যেন কাটছে না। এই ঘটনার রেশ টেনে রবিবার ফেসবুক লাইভ করে সরব হন বিজেপির ইন্দাসের মন্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী। ফেসবুক লাইভে তিনি সরাসরি কুশমুড়ি হাইস্কুলের শিক্ষককে উদ্দেশ করে বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের পর তৃণমূল না থাকলে তখন আপনি শিক্ষক সেলের নেতা হবেন। তখন আপনাকে এই বিজেপি বিধায়কেরই পায়ের তলায় এসে পড়তে হবে।’ ফেসবুকে বিজেপির মণ্ডল সভাপতির এহেন মন্তব্যে প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়। বিজেপি নেতার মন্তব্যের কড়া সমালোচনা করে ফের আকুই বাজারে পথে নামে তৃণমূল। এদিকে, বিজেপির মন্ডল সভাপতি বিপ্রদাস অধিকারীর যুক্তি বিধায়ক ভুল করেছেন তার জন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষক তথা সমস্ত শিক্ষক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরেও বিধায়কের এই ঘটনা নিয়ে যে ভাবে নোংরামি করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।

শিক্ষাঙ্গনে বিধায়কের এহেন আচরণের কড়া নিন্দা করেছে তৃণমূল। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের সম্মানের কী হাল হবে, সেটা তো বুঝতেই পারছেন। এই ধরনের ঘটনাই তার প্রমাণ। ওদের দলের কারোর শিক্ষকের সমাজের প্রতি কোনও সম্মানই নেই।’