আগামী ১৬ মার্চ রাজ্যসভা (সংসদের উচ্চকক্ষ) নির্বাচন। দেশের মোট ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন। বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তৃণমূলের চারজন প্রার্থী কারা হতে চলেছেন। টলিউড থেকে কারুর নাম এই তালিকায় থাকবে সেটা অসম্ভবপর ছিল না, কিন্তু এই নামটা লিস্টে থাকবে তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি অনেকে।
সকলকে চমকে দিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করল কোয়েল মল্লিককে। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা তিনি। তাঁর কেরিয়ারের বয়স ২২ বছর। কিন্তু সেভাবে কোনও বিতর্ক ছুঁতে পারেনি টলিকুইনকে। তিনি সাতে পাঁচে থাকেন না। এত বছর ধরে কোনওদিন রাজনীতির রঙ গায়ে লাগাননি কোয়েল। যদিও বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের স্নেহধন্যা তিনি। কোয়েল মল্লিকের একাধিক সহকর্মী লোকসভা বা বিধানসভায় নির্বাচনে লড়েছেন, কেউ জয়ী হয়েছেন কেউ আবার হারের মুখও দেখেছেন।
জনতার দরবারে ফেভারিট এই নায়িকা, তবে নির্বাচনের ময়দানে অবতীর্ণ না হয়ে সোজা রাজ্যসভার সাংসদ হতে চলেছেন কোয়েল। তাও কার্যত বিনা নির্বাচনে। কোয়েলর নাম তৃণমূলের নমিনেশন তালিকায় দেখে চরম হতাশ কোয়েল ভক্তরাও। নায়িকার ফেসবুকে উপচে পড়ছে হাহাকার। একজন লেখেন, ‘আপনার প্রতি অনেক শ্রদ্ধা ছিলো। আপনি পঁচা শামুকে পা নাই কাটতে পারতেন…. ঘেন্না লাগছে আপনার নীতি আদর্শ সবটা দেখে। ভালো থাকবেন এই নোংরা জগতে’। আরেকজন লেখেন, ‘আপনাকে সবাই শ্রদ্ধা করত, সেই জায়গাটা এবার হারিয়ে যাবে’।
অপর এক ফেসবুকের বাসিন্দা লেখেন, ‘শেষে তুমিও…..আজ থেকে তোমার মুভি দেখব না’। আরেক কোয়েল ভক্ত লেখেন, ‘যাকে এতো দিন ভালো চোখে দেখতাম আজ থেকে তাকে দেখতে পাবো চটি চাটতে’। যদিও সকলেই যে কোয়েলের এই নমিনেশন নিয়ে হতাশ এবং মনক্ষুন্ন তা নয়। অনেকেই শুভেচ্ছাবার্তাও দিয়েছেন অভিনেত্রীকে।

প্রসঙ্গত কিছুদিন আগে উন্নয়নের পাঁচালি নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় হাজির হয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। সেইসময়ই শোরগোল পড়েছিল। তবে কি এবার রাজনীতির ময়দানে আসছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক? উত্তর সেইসময় অধরাই ছিল। কোয়েল সরাসরি রাজনীতির ময়দানে না এলেও রাজনীতির রঙ এবার তাঁর কেরিয়ারে লাগল। ২০২১-এর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক-ও ছিলেন কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে। মনোনয়ন জমা দিতে গিয়ে মমতা নিজেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিসপাল সিং রানের পরিচয় করিয়েছিলেন ‘ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী’ বলে।নিন্দকরা যাই বলুক না কেন, এতদিন দুই সন্তানের দায়িত্ব, সংসার এবং নিজের ফিল্মি কেরিয়ার সুন্দরভাবে ব্য়ালেন্স করেছেন কোয়েল। রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালনেও নিজের সেরাটা উজার করে দেবেন নায়িকা, বিশ্বাস তাঁর শুভাকাঙ্খীদের।